সাদাত হোসাইন, সময়ের অন্যতম সফল গল্পকার। জাকারিয়া সৌখিন, তার বিশেষণও হুবহু। বিষয় একই, প্রেম। শুধু মাধ্যমটা আলাদা। একজন ছাপার কাগজে, অন্যজন ভিজ্যুয়ালে।
অতি আনন্দের সংবাদ, সময়ের সেরা এই দু’জন প্রথম একজোট হলেন। নির্মাণ করলেন ঈদের বিশেষ নাটক ‘প্রিয় প্রজাপতি’। এবার খবরের ভাষায় বিস্তারিত বলা যাক।
ঈদে আসছে জাকারিয়া সৌখিনের নতুন নাটক ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন সৌখিন। আর এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
একটি অফিসগামী বাস, অফিস এবং দু’জন কর্মচারীর মধ্যকার খুনসুটি আর প্রেম নিয়ে নির্মিত হয়েছে এটি। গল্পে দেখা যাবে, মুগ্ধ (অপূর্ব) খুবই অলস প্রকৃতির একজন মানুষ। সবসময় অফিসে লেট করে। তাকে সোজা করার জন্য অফিস তারই সমকক্ষ একজনকে নিয়োগ দেয়। সে প্রজাপতি (ফারিণ)। প্রজাপতির উপস্থিতিতে পাল্টে যেতে শুরু করে মুগ্ধ।
সোমেশ্বর অলি, সময়ের অন্যতম সফল গীতিকবি। তিনিও এখানে যুক্ত হলেন অপর দু’জন (সাদাত-সৌখিন) সফল স্রষ্টার সঙ্গে। লিখেছেন অভূতপূর্ব এক গান- ‘প্রজাপতি এনে দিতে পারি/ তুমি কি পরবে খোঁপায়’। এমন কথার গানটি সুর ও সংগীত করেছেন জাহিদ নীরব। তাতে কণ্ঠ দিলেন আতিয়া আনিসা এবং সুরকার নিজেই।