ঈদ আনন্দের একটা বড় অনুষঙ্গ নতুন সিনেমা। ব্যবসার কথা মাথায় রেখে প্রযোজক, পরিচালকরা এই উৎসবে মুখিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। এক সপ্তাহ আগেও অন্তত এক ডজন সিনেমার কথা শোনা যাচ্ছিলো মুক্তির প্রস্তুতিতে।
সর্বশেষ খবর, ঈদে মুক্তির তালিকা থেকে ছিটকে পড়লো মোট ৪টি সিনেমা! এখন পর্যন্ত মুক্তির দৌড়ে টিকে রয়েছে ৭টি সিনেমা—‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার: কর্মফল’ ও ‘আলী’।
সর্বশেষ বাদ পড়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’, ফরহাদ হোসেনের ‘নাদান’, রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’।
সরকারি অনুদানের সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। এরমধ্যে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রও পেয়েছে সিনেমাটি। হল বুকিং করেছে সিনেমার টিম। পোস্টারও প্রকাশ করা হয়েছে। এতকিছুর পরেও শেষ সময়ে এসে কারিগরি কিছু জটিলতার কারণ দেখিয়ে মুক্তি না দেওয়ার খবর জানালো সংশ্লিষ্টরা।
বলা প্রয়োজন, ‘সর্দার বাড়ির খেলা’ সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।
অন্যদিকে এবারের ঈদে রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’ সিনেমাটিরও মুক্তি পাওয়ার জোর প্রস্তুতি ছিল। কিন্তু এই ছবিটিও কারিগরি জটিলতার কারণ দেখিয়ে সরে দাঁড়ালো। রাসেল মিয়া ও জলি অভিনীত এই সিনেমাটিও ঈদে মুক্তি পাচ্ছে না।
এর আগে জানা যায়, ‘টেকনিক্যাল’ কারণে ‘নাদান’ সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে না। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শ্যামল মাওলা ৩১ মে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে এই ঈদে আসছে না ‘নাদান’। যারা নাদানের পোস্টার দেখে ভালোবাসা জানিয়েছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতে নাদান সিনেমার জন্য এই ভালোবাসা আবারও পাবো।”
বলা প্রয়োজন, ‘নাদান’ সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ হোসেন। এতে শ্যামল মাওলার সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন সায়মা স্মৃতি। এছাড়াও অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।
অন্যদিকে, চিত্রনায়ক নিরব অভিনীত ‘শিরোনাম’ সিনেমাটিও এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটিও মুক্তি পাচ্ছে না। জানা গেছে, ‘শিরোনাম’-এর শুটিং এখনও শেষ হয়নি। যে কারণে এবারের ঈদে এটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এ বিষয়ে নিরব বললেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। আমরা তাড়াহুড়া করতে চাইছি না। সময় নিয়ে ভালোভাবে সিনেমাটি শেষ করে দর্শকের সামনে আসার ইচ্ছা রয়েছে।’
বলা প্রয়োজন, ২১ মে প্রকাশ্যে আসে অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ সিনেমার ফার্স্টলুক। সেদিনই জানানো হয়েছিল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি।
অন্যদিকে ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমা ‘আলী’ নিয়েও রয়েছে ঘোর সংশয়। ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে কি পাচ্ছে না, এই বিষয়ে ‘আলী’ টিমের স্পষ্ট কোনও কোনও ঘোষণা আসেনি এখন পর্যন্ত। তবে অনুমান করা যায়, এটিও শেষ পর্যন্ত ‘টেকনিক্যাল’ কারণ দেখিয়ে সরে দাঁড়াবে!
উল্লেখ্য, ‘আলী’ সিনেমাটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার।