রাশমিকা মান্দানা এবং রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি নিয়ে যেমন আছে প্রশংসা, তেমনি বিপরীতে আছে সমালোচনাও। বিশেষকরে এই সিনেমায় আলফা-পুরুষ থিমকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, তা মানতে পারেননি অনেক দর্শকই।
পুরুষের পাশাপাশি অসংখ্য নারী দর্শক সিনেমায় রণবীর কাপুরের চরিত্রকে পছন্দ করেননি। তবে রাশমিকা জানালেন ভিন্ন কথা। তিনি বরং রণবীরের চরিত্র রণবিজয়ের মতো কোনও পুরুষের সঙ্গে ডেট করতে আগ্রহী। এমন একটা টক্সিক চরিত্রকে সমর্থন দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রীকে সমালোচনা করতে ছাড়ছেন না অনেকেই।
সম্প্রতি এক কথোপকথনের সময় একজন ভক্ত রাশমিকাকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি বাস্তব জীবনে ‘অ্যানিমেল’র রণবিজয়ের (রণবীর কাপুর) মতো কোনও পুরুষের সাথে ডেট করবেন কিনা।
উত্তরে ডেট করা অসম্ভব নয় জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি হয়তো ডেট করবো। আমি সত্যিই বিশ্বাস করি যে, আপনি যদি কাউকে ভালোবাসেন তবে তার মধ্যে পরিবর্তন আসবেই আপনাকে ভালোবেসে।’
এরপর তিনি বলেন, ‘অনেক বছর বাদে তুমি যখন তোমার কোনও এক সময়ের প্রিয় কোনও বন্ধুর সাথে দেখা করো, তখন তুমি আগের সেই বন্ধুকেই মনে রাখো। তার কোনও পরিবর্তন হয়েছে কিনা, তা ভাবো না। কিংবা এটাও ভাবো না, তুমি আগে কেমন ছিলে, আর এখন কেমন। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলে যাই।’
তবে রাশমিকার এমন মন্তব্য তার অনেক ভক্তের ভালো লাগেনি। একজন মন্তব্য করেছেন, ‘এটা দুঃখজনক যে অনেক মেয়েকেই ছেলেটির জন্য নিজেকে পরিবর্তন করতে বলা হয়। এমনকি সমাজ বা দেশের প্রেক্ষাপটে চিন্তা করতে বলা হয়।’
অন্য একজন মন্তব্য করেছেন, ‘সে কোন জগতে বাস করছে? কেবল তার চরিত্রকে বড় করার জন্য এই ধরণের বক্তব্য দিচ্ছেন। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে এই কথা বলতে দেখা লজ্জাজনক।’
অন্য আরেকজন এই অভিনেত্রীকে খোঁচা দিয়ে বলেন, “সে এখানে ভুল বলেছে! সঠিক উত্তর হলো…না, আমি বাস্তব জীবনে ‘অ্যানিমেল’এর রণবীরের চরিত্রের সাথে ডেট করব না।”