নব্বই দশক থেকেই শেকড়ের সন্ধানে ‘ইত্যাদি’ স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে। তুলে ধরছে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান।
তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে তৈরি প্রায় শত বছরের প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।
নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এবারের আয়োজনে গান রয়েছে দুটি। অনুষ্ঠানের শুরুতেই ভোলা জেলাকে নিয়ে রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। আরেকটি গান গেয়েছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর। ‘আমাকে না বলে’ শিরোনামে গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, লিখেছেন রবিউল ইসলাম জীবন।
এবারের অনুষ্ঠানে রয়েছে পর পর দুবার পৃথিবীর সর্বোচ্চশৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম ও একমাত্র বাঙালি ভোলার সন্তান এম এ মুহিতের একটি বিশেষ সাক্ষাৎকার। দ্বিতীয়বার তিনি ও নিশাত মজুমদার যখন একসঙ্গে এভারেস্ট জয় করেছিলেন- তখন তাদের হাতে শোভা পাচ্ছিল ‘ইত্যাদি’ লেখাটি। কিন্তু কেন, সেসবের উত্তরও পাওয়া যাবে এই সাক্ষাৎকারে।
এবারও কুশলী সাংবাদিকের প্রশ্নের জবাবে নাতির কৌশলী উত্তর দর্শকদের আনন্দ দেবে। এছাড়াও ‘ইত্যাদি’র নিয়মিত পর্ব চিঠিপত্র ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের ওপর রয়েছে বেশ কিছু নাট্যাংশ।
পর্বটি আগামী ২৯ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।