সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন ৪ সেপ্টেম্বর। শিল্পীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ কিছু। 

চ্যানেলটির ‘তারকা কথন’ অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছেন সংগীতের দুই গুণী ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী ও কনকচাঁপা। তাদের সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। 

বিশেষ এই ‘তারকা কথন’-এ উঠে এসেছে সাবিনা ইয়াসমীনের শিল্পী হয়ে ওঠার গল্প, ছেলেবেলার স্মৃতি, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, গান তৈরির নেপথ্যের অনেক গল্প। তিনি বলেছেন প্রথম চলচ্চিত্রে প্লে-ব্যাক এবং শিল্পী জীবনে জন্মদিন উদযাপনের নানা ঘটনা। অনুষ্ঠানটি গত ২৬ আগস্ট চ্যানেল আই স্টুডিওতে ধারণ করা হয়। যা সাবিনা ইয়াসমীনের জন্মদিন উপলক্ষে ৪ সেপ্টেম্বর প্রচার করা হবে দুপুর ১২টা ৩০ মিনিটে, চ্যানেল আই পর্দায়। এটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।