সিনেমাপ্রেমী ও ভক্তকূলের জন্য আনন্দের খবর– ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) পর্দা উঠতে যাচ্ছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাতে এবারের আসরের উদ্বোধন হচ্ছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও কানাডার সর্ববৃহৎ এই চলচ্চিত্র উৎসবের সুবর্ণজয়ন্তী উদযাপনে শামিল হবেন হলিউডের প্রথম সারির তারকারা।
কানজয়ী স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আলী’ ও এর নির্মাতা আদনান আল রাজীব টরন্টো উৎসবের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আয়োজকদের পাঠানো ইমেইলে জানা গেছে, রাজীবের পাশাপাশি অতিথি তালিকায় আছেন অ্যাঞ্জেলিনা জোলি, ড্যানিয়েল ক্রেগ, কিয়ানু রিভস, স্কারলেট জোহানসন, রায়ান রেনল্ডস, নাটালি পোর্টম্যান, এমিলি ব্লান্ট, ডোয়াইন জনসন, জুড ল, কলিন ফ্যারেল, ম্যাথু ম্যাকোনাহে, সিডনি সুইনি, পল মেসকাল, এল ফ্যানিং, মিয়া গথ, জোডি ফস্টার, ইদ্রিস অ্যালবা, ডাস্টিন হফম্যান, র্যালফ ফাইনস, রিজ আহমেদ, কেরি ওয়াশিংটন, জশ ও’কনোর, লি বিয়াং হান, পার্ক চ্যান-উক, জাফর পানাহিসহ অনেকে।
১৯৭৬ সালে শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব। পাঁচ দশক ধরে সিনেমার জাদু ও গ্ল্যামারের পসরা সাজানো টিআইএফএফ ধীরে ধীরে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবে। আয়োজকদের আশা, এবারও উৎসব জুড়ে সিনেমাপ্রেমীদের ভিড়, দর্শকে পরিপূর্ণ চলচ্চিত্র প্রদর্শনী ও হৈ-হুল্লোড়ে মেতে থাকা ভক্তদের আনাগোনা দেখা যাবে। ১১ দিনের এই আয়োজন চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
বহুল প্রতীক্ষিত আকর্ষণ
টরন্টোর সুবর্ণজয়ন্তীতে থাকছে দুই শতাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, কয়েক ডজন স্বল্পদৈর্ঘ্য ছবি ও ১০টি টেলিভিশন সিরিজের বৈচিত্র্যময় আয়োজন। এরমধ্যে দর্শকদের আকর্ষণের তালিকায় রয়েছে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’, শেক্সপিয়রের ওপর নির্মিত ক্লোয়ি জাও-এর ‘হ্যামনেট’ এবং কানাডিয়ান পরিচালক ম্যাট জনসনের সময়-ভ্রমণকেন্দ্রিক থ্রিলার ‘নির্ভানা দ্য ব্যান্ড দ্য শো দ্য মুভি’।
অন্যান্য প্রতীক্ষিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে অস্কারজয়ী পরিচালক স্টিভেন সোডারবার্গের নতুন ছবি ‘দ্য ক্রিস্টোফার্স’, চিলিয়ান-স্প্যানিশ পরিচালক আলেহান্দ্রো আমেনাবারের ‘দ্য ক্যাপ্টিভ’, দক্ষিণ কোরিয়ান পরিচালক বিয়ুন সুং হিয়ুনের ‘গুড নিউজ’, আমেরিকান পরিচালক নিয়া ডা কস্টা’র ‘হেডা’ (টেসা থম্পসন), কানাডার চ্যান্ডলার লেভাকের ‘মাইল অ্যান্ড কিকস’, ভারতের তামিলনাড়ুর বংশোদ্ভূত আমেরিকান পরিচালক-অভিনেতা আজিজ আনসারির ‘গুড ফরচুন’ (কিয়ানু রিভস, সেথ রোজেন), রিয়ান জনসন পরিচালিত ‘নাইভস আউট’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র, জেমস ভ্যান্ডারবিল্টের ‘নুরেমবার্গ’ এবং ফিলিস্তিনি তরুণী আনমারি ইয়াসির পরিচালিত ‘প্যালেস্টাইন ৩৬’।
এবারের আসরের উদ্বোধনী আয়োজনে রয়েছে কানাডার প্রয়াত কমেডি কিংবদন্তি জন ক্যান্ডির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘জন ক্যান্ডি: আই লাইক মি’। ‘ডেডপুল’ তারকা রায়ান রেনল্ডসের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন খ্যাতিমান অভিনেতা টম হ্যাঙ্কসের ছেলে কলিন হ্যাঙ্কস। উৎসবের জমকালো সমাপনী রাতে থাকছে কানাডার পরিচালক অ্যান এমোঁ পরিচালিত ‘পিক এভরিথিং’।
উৎসবে নির্বাচিত বেশিরভাগ চলচ্চিত্রের প্রদর্শনী ও হরেক রকম আয়োজন থাকছে টিআইএফএফ লাইটবক্স ও ফেস্টিভ্যাল টাওয়ারে। এগুলো কিং স্ট্রিট ওয়েস্ট ও জন স্ট্রিটের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত। উৎসবের অন্যান্য ভেন্যুর মধ্যে রয়েছে– রয় থমসন হল, প্রিন্সেস অব ওয়েলস থিয়েটারের ভিসা স্ক্রিনিং রুম, সিনেপ্লেক্সের স্কশিয়াব্যাংক থিয়েটার, কানাডিয়ান ব্রডকাস্ট সেন্টারের গ্লেন গুল্ড স্টুডিও এবং রয়্যাল আলেকজান্দ্রা থিয়েটার। ছয়টি ভেন্যুই টরন্টো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।
শর্ট কাটসে বাংলাদেশ
টরন্টো উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগ শর্ট কাটসে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘আলী’। উৎসবে এর উত্তর আমেরিকা প্রিমিয়ার হবে। গত মে মাসে ৭৮তম কান উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়ে ইতিহাস রচনা করেছে ‘আলী’। কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি ছবি এটাই। ১৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের প্রতিযোগিতায় নাম লেখায় আলী। কিন্তু সে নারীকণ্ঠেই গাইতে পারে!
আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো।
শর্ট কাটসে ‘আলী’সহ আছে মোট ৪৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে অন্যতম ৭৮তম কান উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্বর্ণপাম জয়ী ইসরায়েলি নাগরিক ও ফিলিস্তিনি পরিচালক তৌফিক বারহোমের ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’, হলিউড তারকা ইদ্রিস অ্যালবা পরিচালিত ‘ডাস্ট টু ড্রিমস’, ফিলিপাইনের আরভিন বেলারমিনোর ‘আগাপিতো’, জোশুয়া সেফটেল পরিচালিত ‘অল দ্য এম্পটি রুম’ ইত্যাদি। শর্ট কাটসে বিচারক হিসেবে আছেন চিত্রগ্রাহক অ্যাশলি ইরিস গিল, অভিনেতা কনোর জেসাপ ও অ্যানেসি আন্তর্জাতিক অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক মারসেল জ্যঁ।
‘শোলে’র ৫০ ও ভারত
গালা প্রেজেন্টেশন্স বিভাগে রয়েছে ভারতের দুটি চলচ্চিত্র। এরমধ্যে রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’র ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে উৎসবে। আগামী ৬ সেপ্টেম্বর এর প্রদর্শনী হবে। কালজয়ী ছবিটিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুড়ি, সঞ্জীব কুমার ও আমজাদ খান। একই দিনে ধর্মেন্দ্রর ছেলে ববি দেওলের নতুন ছবি ‘বান্দর’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে স্পেশাল প্রেজেন্টেশন্স বিভাগে। ঠিক ৪৮ বছর আগে ১৯৭৭ সালের ৬ সেপ্টেম্বর শিশুশিল্পী হিসেবে ‘ধরম বীর’ ছবির মাধ্যমে প্রথমবার রুপালি পর্দায় পা রাখেন ববি দেওল। ‘বান্দর’ পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যাপ।
ধ্রুপদি ছবির বিভাগ টিফস ক্ল্যাসিকসে রয়েছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ (১৯৭০)। অভিনয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল, অপর্ণা সেন, রবি ঘোষ প্রমুখ।
গালা প্রেজেন্টেশন্স বিভাগে আয়োজকরা দেখাবে ৭৮তম কান উৎসবে প্রদর্শিত নিরাজ গাইওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। অভিনয়ে জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার ও বিশাল জেটোয়া। সেন্টারপিস বিভাগে রয়েছে জিতাঙ্ক সিং গুরজার পরিচালিত ‘ইন সার্চ অব দ্য স্কাই’। ডিস্কভারি বিভাগে নির্বাচিত হয়েছে বিকাশ রঞ্জন মিশ্র পরিচালিত ‘বয়ান’ (হুমা কুরেশি, চন্দ্রচূড় সিং)। প্রাইমটাইম বিভাগে থাকছে হানসাল মেহতা পরিচালিত টিভি সিরিজ ‘গান্ধী’। এতে মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক গান্ধী।
উৎসবের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেখানো হবে কানায়িান ও আন্তর্জাতিক ৫০টি চলচ্চিত্র, যেগুলো টরন্টোর ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তালিকায় ভারতের ছবি আছে তিনটি। এগুলো হলো বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘মকবুল’ (২০০৩; ইরফান খান, টাবু), দীপা মেহতার ‘ওয়াটার’ (২০০৬; লিসা রে, জন আব্রাহাম) এবং মালায়লাম নির্মাতা লিজো হোসে পেলিসেরির ‘জালিকাট্টু’ (২০১৯)।
পুরস্কার
টরন্টো উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগ ‘প্ল্যাটফর্ম’ চালু হয় ২০১৫ সালে। চীনের জিয়া জাং কি পরিচালিত একই নামের যুগান্তকারী চলচ্চিত্রের নামে এর নামকরণ হয়। ‘প্ল্যাটফর্ম’ বিভাগে নির্বাচিত ছবিগুলোর মধ্যে একটিকে বিজয়ী নির্বাচিত করবেন আন্তর্জাতিক বিচারকরা। তারা হলেন আমেরিকান অভিনেত্রী ম্যারিয়ান জিন-ব্যাপ্টিস্ট, স্প্যানিশ পরিচালক কার্লোস মার্কেস-মার্সেত ও কানাডিয়ান পরিচালক ক্লোয়ি রোবিশোঁ। বিজয়ী নির্মাতা পাবেন ২০ হাজার কানাডিয়ান ডলার (নগদ ১৮ লাখ টাকা)।
এবারের আসরে স্পেশাল ট্রিবিউন অ্যাওয়ার্ড পাচ্ছেন ইরানি নির্মাতা জাফর পানাহি, ‘স্কুইড গেম’ সিরিজের দক্ষিণ কোরিয়ান তারকা লি বিয়াং হান ও কানাডিয়ান পরিচালক জাকারিয়াস কুনুক।
টিকিট বেচাকেনা
টরন্টো উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো টিকিট কেটে উপভোগ করতে পারেন যেকোনও দর্শক। তবে টিকিট কেনার প্রক্রিয়া কিছুটা জটিল মনে হতে পারে। তাই আয়োজকরা অফিসিয়াল ওয়েবসাইটে সহায়ক প্রশ্নোত্তর বিভাগ রেখেছে। এছাড়া আছে কার্যকর ইউটিউব ভিডিও। এর মাধ্যমে প্রক্রিয়াটি সহজ মনে হতে পারে।
উৎসবে প্রথম সারির তারকাদের একঝলক দেখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ‘ফ্যান জোন’ টিকিট কেনা। প্রিন্সেস অব ওয়েলস থিয়েটারের ভিসা স্ক্রিনিং রুম, রয়্যাল আলেকজান্দ্রা থিয়েটার কিংবা রয় থমসন হলের নির্দিষ্ট লালগালিচায় তারকাদের পায়চারি দেখা যাবে। এছাড়া ডেভিড পিকাউট স্কয়ারে আরও পাঁচটি ‘ফ্যান জোন’ রয়েছে। এছাড়া ভাগ্য ভালো থাকলে টরন্টোর কেন্দ্রস্থলে ছয়টি জনপ্রিয় রেস্তোরাঁয় ঢুঁ দিলে তারকাদের চোখে চোখ পড়ে যেতে পারে!