কাজাখস্তানে চলছে আফরান নিশোর ‘দম’ পরীক্ষা

লাল পাহাড় আর মরুভূমির মতো কোনও এক দুর্গম জায়গায় দেখা যাচ্ছে অভিনেতা আফরান নিশোকে। ছবিতে তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ কয়েকজন বিদেশি। প্রথম তিন জনের নাম একসঙ্গে শুনলেই আপনা–আপনি মনে চলে আসে ‘দম’ সিনেমার কথা। 

তাহলে কি ‘দম’ সিনেমার কাজেই দুর্গম এলাকায় তাদের এই অভিযান?

এ নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি তার ইন্সটাগ্রাম ও ফেসবুকে ছবি–ক্যাপশনের মাধ্যমে তেমনটাই ধারনা দিয়েছেন। নির্মাতা তার ইন্সটাগ্রাম-ফেসবুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন ‘দম’–এর দম পরীক্ষা। এ নিয়েই ঝড় উঠেছে নেটদুনিয়ায়। দর্শকরা মনে করছেন ঠিকভাবেই চলছে সিনেমার কাজ। 

ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, হয়তো লোকেশন দেখতে গেছেন প্রযোজক–নির্মাতা–শিল্পী। জায়গা দেখে অনুমেয় কতটা রোমহর্ষক হতে পারে সিনেমাটির দৃশ্যধারণ! কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে আফরান নিশোকে। আর সেটা নিজে সরেজমিনে দেখতেই হয়তো তিনিও গেছেন লোকেশন দেখতে। নির্মাতা দেখছেন কীভাবে তিনি দৃশ্যধারণ করবেন আর অভিনেতা দেখছেন কীভাবে তিনি তা ফুটিয়ে তুলবেন পর্দায়। কাজাখস্তানে চলছে লোকেশন রেকি।

এর আগে ‘দম’ সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়ণের প্ল্যান করেছে সংশ্লিষ্টরা। কারণ শেয়ার করা পোস্টে রেদওয়ান রনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘দমরেকি’ ‘কাজাখস্তান’। 

বোঝাই যাচ্ছে কাজাখস্তানে চলছে দম সিনেমার লোকেশন রেকি।কাজাখস্তানে টিম ‘দম’‘দম’ সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ‘‘দম নিয়ে ‘দম’ বানাতে আসছি।’’ এবারের ফেরায় তিনি আশ্রয় নিয়েছেন সত্য ঘটনার ওপর। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইবাল গল্প নিয় গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন এই সিনেমায়। যুক্ত হওয়ার সময় আফরান নিশো বলেছিলেন, ‘সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে এ ধরনের সিনেমা অন্তত দেশে দেখিনি।’ 

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছিলেন, ‘‘দম’ সিনেমার গল্পটা অসাধারণ, এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ‍্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।’’ 

অর্থাৎ দুজন অভিনেতাই গল্প ও অভিনয়ের কথা বিশেষ করে উল্লেখ করেছেন তাদের বক্তব্যে।

সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। 

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ এর রোজার ঈদে।