শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রকাশ ও প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলো হোম থিয়েটার।
উদ্বোধনী আয়োজনে ১৯ সেপ্টেম্বর এই থিয়েটারে মুক্তি পেয়েছে শর্টফিল্ম ‘নারী, তুমি আওয়াজ তোলো’। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন সমু চৌধুরী, প্রহেলিকা, মাহি প্রমুখ।
উদ্বোধনী শর্টফিল্মে তুলে ধরা হয়েছে নারীদের প্রতি অসামাজিক আচরণ, খারাপ ব্যবহারসহ বিভিন্ন ধরণের অসংগতি, অবিচার ও বৈষম্যের বাস্তবতা। চলচ্চিত্রটি নারীর কণ্ঠস্বরকে আরও জোরালো করে তুলতে এবং সমষ্টিগত সচেতনতা গড়ে তুলতে নির্মিত হয়েছে। এমনটাই জানান নির্মাতা জুয়েল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা শহীদুজ্জামান সেলিম, ডিরেক্টরস গিল্ডের সভাপতি আজাদ আবুল কালাম, পরিচালক চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, প্রসূন আজাদ প্রমুখ।
বলা দরকার, এটি কোনও প্রেক্ষাগৃহ বা ওটিটি প্ল্যাটফর্ম নয়। এটি আপাতত পরিচালিত হচ্ছে ‘হোম থিয়েটার’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে।