ঢাকাই দর্শকদের জন্য মঞ্চ নাটক মানেই বেইলী রোডের মহিলা সমিতি কিংবা সেগুন বাগিচার শিল্পকলা একাডেমি। প্রায় দেড় কোটি মানুষের এই শহরে সেটি সংখ্যার বিচারে যেমন অপ্রতুল তেমনি যোগাযোগের ক্ষেত্রে বড় কঠিন। ফলে উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মোহাম্মদপুরসহ রাজধানীর এমন বেশিরভাগ অংশের দর্শকদের জন্য মঞ্চ নাটক যেন অধরাই থেকে যায়।
মূলত এমন ভাবনা থেকে মিরপুরে গড়ে উঠেছে মঞ্চ নাটকের নতুন ঠিকানা ঋদ্ধি গ্যালারি অডিটোরিয়াম। মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টপেজ সংলগ্ন ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্ব পাশের বিল্ডিংয়ে এটি অবস্থিত। ঠিকানা বাসা-০২, রোড-০৯, ব্লক-ডি, সেকশন-১১।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরের ঋদ্ধি গ্যালারি অডিটোরিয়ামে থিয়েটার চারণিকের পঞ্চম প্রযোজনা ‘ঈশ্বর তুমি কোথায়’ নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে। যাতে উঠে আসবে এক রোহিঙ্গা নারীর দুঃখগাঁথা।
নাটকটির গল্প এমন, তাসমিদা জোহর, এক রোহিঙ্গা মুসলিম নারী। মিয়ানমারের আর্মিদের কাছে কিশোরী বয়সে নির্যাতিত হয়ে পুরো পরিবার নাফ নদী পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে। সেখানেও সে নির্যাতনের শিকার হয়। কয়েকবছর বাংলাদেশে থাকার পরে তার জীবনে প্রেমিক হিসেবে একজন আসে, সেও তাকে ফাঁদে ফেলে বিক্রি করে দেয় দালালদের হাতে। এরপর আবার তারা বাংলাদেশ ছেড়ে চলে যায় ইউ এন এইচ সি আর-এর মাধ্যমে ভারত। এভাবে এ দেশ থেকে ও দেশ এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র...। অতঃপর ভারতের নারী পাচারকারী দল তাকে পাঠিয়ে দেয় ইউরোপের পণ্যবাহী জাহাজে। এরপর তাসমিদার জীবনের পরিসমাপ্তি ঘটে মধ্য সাগরে।