সম্পর্কের ভিড়ে নিজেকে আর হারাতে চান না পূর্ণিমা। উল্টো দিলেন নিঃসঙ্গতার আভাস! নায়িকার এমন বেদনাহত প্রতিক্রিয়ায় যেন দিগ্বিদিক হারাতে বসেছেন নেটাগরিকরা।
কী হলো প্রিয় অভিনেত্রীর? সাংসারিক কোনও অস্থিরতা নয় তো! নাকি সদ্য পুরস্কৃত অ্যাওয়ার্ড শোয়ের কোনও তিক্ত অভিজ্ঞতা এটি। সঠিক কোনও উত্তর মেলেনি। তবে তার কথাগুলো বেশ দরকারি।
রবিবার (১৯ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’
প্রতিক্রিয়ার শেষ লাইনে পূর্ণিমা লেখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’
অভিনেত্রীর এমন আক্ষেপে মন ছুঁয়েছে তার ভক্তদের। অনেকেরই মন্তব্য, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’ যদিও অনেকেই প্রিয় অভিনেত্রীর এমন আক্ষেপে প্রকাশ করেছেন উৎকণ্ঠা।
বলা জরুরি, দিলারা হানিফ পূর্ণিমা স্বামী-সন্তান নিয়ে সুখেই দিনাতিপাত করছেন।