নোয়াখালী অঞ্চল ও ভাষা নিয়ে অসংখ্য নাটক হয়েছে, তবে এবারই প্রথম হলো দীর্ঘ ধারাবাহিক। তাই নয়, এবারই প্রথম নোয়াখালী নিয়ে মানুষদের ভেতরে ও বাইরে যে ফ্যান্টাসি রয়েছে, সেটি উঠে এসেছে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের এই দীর্ঘ ধারাবাহিকের মাধ্যমে।
অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এই বিশেষ টিভি সিরিজটি সম্প্রচার শুরু হচ্ছে আজ (১৫ নভেম্বর) থেকে সপ্তাহে চারদিন ( শনি, রবি, সোম ও মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গ্লোবাল টিভিতে।
এ উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) সকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গ্লোবাল টেলিভিশন অডিটোরিয়ামে। যেখানে উপস্থিত ছিলেন নির্মাতা অরণ্য আনোয়ার, গ্লোবাল টিভির চেয়ারম্যান হারুনুর রশীদ, অভিনেতা সুজাত শিমুল, আমিন আজাদসহ অনেকেই।
বলা দরকার, ‘নোয়াখালী এক্সপ্রেস’র মাধ্যমে নাট্যকার-পরিচালক অরণ্য আনোয়ার ছয় বছর পর টিভি সিরিজে ফিরছেন। এর আগে সর্বশেষ ২০১৯ সালে মাছ রাঙা টিভিতে প্রচার হয়েছিল ৩১২ পর্বের ধারাবাহিক ‘ফুল এইচ ডি’।
এই সময়ের এক ঝাঁক নতুন মুখ নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘নোয়াখালী এক্সপ্রেস’। পুবাইল, গাজীপুর ও নোয়াখালীর বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এই নাটকে অভিনয় করেছেন সুজাত শিমুল, আশরাফুল আলম সোহাগ, রেজা শিকদার, আশরাফ সুপ্ত, সাদ্দাম মাল, আমিন আজাদ, রেশমা আহমেদ, ফারজানা মিহি, সুমাইয়া অর্পা, রেজমিন সেতু, তাবাসসুম মিথিলা, অধরা নিহারিকা, হীরামনি, ফারিয়া, জান্নাত রুপু, শেহজাদ ওমর, তনয় বিশ্বাস প্রমুখ।