দিন কিংবা মাস নয়, বছরও বলা যায় না। টানা দুই বছর হলো পর্দায় নেই ঢাকাই সিনেমার ‘পরাণ’ বিদ্যা সিনহা মিম।
শেষ তাকে দেখা গেছে জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমাতে, দুই বছর আগে। এরপর বলতে গেলে সেভাবে তাকে আর পর্দায় পাওয়া যায়নি, যতটা দেখা গেছে ফেসবুকে স্থিরচিত্রে পারিবারিক আবহে। যেন দীর্ঘ এক অবকাশে বেরিয়ে পড়েছেন ঘোড়ায় চেপে!
অবশেষে ভক্তদের জন্য এলো সুখবর। জানান দিলেন, এবার তার ফেরার পালা। লম্বা বিরতি ভেঙে ফিরছেন জনপ্রিয় এই নায়িকা।
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, নতুন বছরেই সিনেমা হলে নতুন কাজ নিয়ে হাজির হবেন। চলছে তারই জোর প্রস্তুতি। ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন মিম।
বললেন, ‘সময় হলে সব জানাবো।’
এটুকু স্পষ্ট করেছেন, দুই বছরে তার কোনও কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা।