অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটির ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করে। আট মাসে এর ভিউ প্রায় সাড়ে ৩ কোটি। এবার ‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন তারা। এটিও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
‘তোমাদের গল্প’তে যারা অভিনয় করেছেন, ‘সম্পর্কের গল্প’তে তাদের বেশিরভাগই থাকছেন। দর্শকপ্রিয় এই অভিনয়শিল্পীরা হলেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু। নতুন যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত।
নতুন ইউটিউব ফিল্ম প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “যে ইউনিট নিয়ে ‘তোমাদের গল্প’ বানিয়েছি, ‘সম্পর্কের গল্প’তে প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা প্রায় সবাই আবার একত্রিত হয়েছি। আমাদের আশা, এবারের কাজটিও দেখলে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।”
ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ। ‘তোমাদের গল্প’ ছিল তারই লেখা। তিনি এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার চিত্রনাট্যের জন্য প্রশংসিত হন।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’।