শিল্পীদের মাঝে কম্বল বিতরণ করলেন শিল্পীরাই!

এফডিসিতে এখন শুটিং হয় না বললেই চলে। কিছু অংশে নির্মাণ কাজ চলছে আর বাকি অংশে চলে বিভিন্ন সমিতির সদস্যদের রোদপোহানো আড্ডা।

এমন পরিস্থিতিতে শিল্পীদের মাঝে কম্বল বিতরণ করলেন শিল্পীরাই!বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অল্প আয়ের শিল্পীদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে ব্যক্তিগত উদ্যোগে তিনি সহকর্মীদের মাঝে শীত বস্ত্র উপহার দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শিল্পী সমিতির আঙিনায় আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক শিল্পী শীতবস্ত্র গ্রহণ করেন। 

এসময় মুক্তির সঙ্গে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আরমান, কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, পলি, সনি রহমানসহ অনেকে।

কম্বল বিতরণ প্রসঙ্গে মুক্তি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির বাস্তবতা এখন সবারই জানা। কাজ কমে যাওয়ায় অনেক সহকর্মী বিশেষ করে নিম্ন আয়ের শিল্পীরা কষ্টে আছেন। এই শীতে তাদের কষ্ট আরও বেড়েছে। তাই ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করেছি। আমরা যেমন দুই ঈদে উপহার দেই, এটাও তেমনই সহকর্মীদের জন্য শীতের উপহার।’

ভিন্নধর্মী আরেকটি উদ্যোগের কথাও জানান এই অভিনেত্রী। মুক্তি বলেন, ‘নিম্ন আয়ের সহকর্মীদের জন্য আমি আরও একটি উদ্যোগ নিয়ে কাজ করছি। এখনই বিস্তারিত বলতে চাই না। সব প্রস্তুতি শেষ হলে আনুষ্ঠানিকভাবে জানাব। এটি তাদের দীর্ঘদিনের একটি দাবি।’

বলা দরকার, ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী আনোয়ারর কন্যা রুমানা ইসলাম মুক্তি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে। এরপর ‘চাঁদের আলো’ ছবিতে চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হন। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়। যদিও বর্তমানে মুক্তির হাতে সংগঠনিক ব্যস্ততা ছাড়া সিনেমার কোনও খবর নেই!