শাকিব খানের ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গানটি প্রীতম হাসানের সঙ্গে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান দেবশ্রী অন্তরা। সেই অন্তরা এবার হাজির হচ্ছেন নতুন গান ‘আমি পাখি হবো’ দিয়ে।
চমক রয়েছে এই গানেও। কারণ, গানটির ভিডিও তৈরি হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে। ভালোবাসা দিবস উপলক্ষে ব্যান্ড এক্সকেইপের প্রজেক্ট এটি। যেখানে অন্তরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ।
গানটির কথা লিখেছেন সাংবাদিক রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডটির দুই সদস্য কাজী রিন্টু ও আবীর সাদাফ। মিক্স–মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন এবং এআই ভিজ্যুয়াল প্রোডাকশনে ছিল হাইপার কাটস প্রোডাকশন।
গানটি নিয়ে আবীর সাদাফ বলেন, ‘এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। গানটি সবার ভালোলাগবে বলে আমার বিশ্বাস।’
বলা দরকার, ২০২৪ সালে ‘লাগে উরাধুরা’র ব্যাপক জনপ্রিয়তার পর দেবশ্রী অন্তরাকে সে অর্থে গানে পাওয়া যায়নি। লম্বা বিরতির পর ফেরা প্রসঙ্গে
দেবশ্রীর ভাষ্য, ‘‘লাগে উরাধুরা’র পর একটা সময় আমি চাইলেও নিয়মিত কাজ করতে পারিনি। স্বাস্থ্যগত দিক থেকে সময়টা কঠিন ছিল, কিন্তু সংগীত কখনও আমাকে ছাড়েনি।’’