সময়টা বড্ড অসময়। একদিকে রোজা অন্যদিকে জাতীয় নির্বাচন; সঙ্গে রাজনৈতিক অস্থিরতা। ফলে এই অবেলায় সাধারণত সিনেমা মুক্তির কোনও প্রশ্নই ওঠার কথা নয়। বিস্ময়কর হলেও সত্যি, এমন অস্থির সময়ে তিনটি সিনেমা মুক্তির মতো সাহসী উদ্যোগ নিয়েছে দেশের প্রধান মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক ও মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ জানান, সোমবার ৯ ফেব্রুয়ারি একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সের পর্দায়।
যার মধ্যে রয়েছে ‘টোয়েন্টি এইট ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিনেমা ‘মার্সি’ এবং হরর সিনেমা ‘প্রাইমেট’। তিনটি সিনেমাই বছরের শুরুটাকে রঙিন করার আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এরিমধ্যে সিনেমাগুলো দর্শক-সমালোচকদের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশের দর্শকরাও সিনেমাগুলো উপভোগ করবেন বলে আশাবাদী স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল
গেল বছরের জুনে মুক্তি পেয়েছিল ‘টোয়েন্টি এইট ডেজ লেটার’ সিরিজের সিনেমা ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’। অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়র’খ্যাত পরিচালক ড্যানি বয়েল নির্মিত সিনেমাটি দারুণ সাফল্য পায়। আয়ের দিক থেকে সিরিজের পূর্ববর্তী সিনেমাগুলোকে ছাড়িয়ে যায় এটি। এমন সাফল্যের রেশ কাটতে না কাটতে দর্শকদের সামনে আসছে এই সিরিজের আরও একটি সিনেমা। ‘টোয়েন্টি এইট ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’ নামের এই সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ১৬ জানুয়ারি। ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’-এর সিক্যুয়েল এবং ‘টোয়েন্টি এইট ডেজ লেটার’ ফ্রাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘টোয়েন্টি এইট ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’।
নিয়া ডা কস্টা পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামস, এরিন কেলিম্যান, চি লুইস-প্যারি প্রমুখ।
মার্সি
বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিনেমা ‘মার্সি’ পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ। প্রযোজনা করেছেন চার্লস রোভেন এবং বেকমাম্বেটভ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট এবং রেবেকা ফার্গুসন।
মার্সি হলো একটি ভবিষ্যতের গল্প। যেখানে প্রধান চরিত্র ক্রিস রাভেন নামে একজন ডিটেকটিভ, যার স্ত্রী মারা যায় এবং তিনি অকারণে সেই হত্যার অভিযোগে অভিযুক্ত হন। তার বিরুদ্ধে মামলা চলে একটি অত্যাধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিচারক-এর সামনে। ব্যাপারটা আরও উত্তেজনাপূর্ণ, কারণ তার কাছে মাত্র ৯০ মিনিট সময় আছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তা না হলে এআই নিজেই তার ভাগ্য নির্ধারণ করবে।
২০২৪ সালের জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল যে, অ্যামাজন এমজিএম স্টুডিওর জন্য মার্সি নামে একটি বিজ্ঞান কল্পকাহিনী থ্রিলার চলচ্চিত্র তৈরি করা হচ্ছে, যেখানে ক্রিস প্র্যাট অভিনীত হবেন। ছবিটি পরিচালনা করবেন তৈমুর বেকমাম্বেটভ। মার্চ মাসে, রেবেকা ফার্গুসন এবং অ্যানাবেল ওয়ালিস অপ্রকাশিত ভূমিকায় অভিনয়শিল্পীদের সাথে যোগ দেন। এপ্রিলে, কালি রেইস, রাফি গ্যাভরন, ক্রিস সুলিভান, কেনেথ চোই এবং কাইলি রজার্স অভিনয়শিল্পীদের সাথে যোগ দেন। মে মাসে, জেফ পিয়েরে চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের সাথে যোগ দেন। সিনেমাটির বিশেষ দিক হলো, এর গল্প প্রায় রিয়েল-টাইম ফরম্যাটে নির্মিত হয়েছে, যেখানে সময় মুক্তিপণের ৯০ মিনিটের ফাঁকা সময়ের মধ্যে পুরো ঘটনায় মনোনিবেশ করা হয়েছে।
প্রাইমেট
আমেরিকান হরর সিনেমা ‘প্রাইমেট’ পরিচালনা করেছেন জোহানেস রবার্টস। এটি ২০২৫ সালে বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ২০২৬ সালের শুরুতে বিশ্বজুড়ে থিয়েটারগুলোতে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন জনি সিকোইয়া, জেসিকা আলেকজান্ডার, ট্রয় কোটসুর, ভিক্টোরিয়া ওয়াইন্ট, গিয়া হান্টারসহ অনেকে।
কিছু বন্ধুর ছুটি কাটানোর পরিকল্পনা হঠাৎ আতঙ্কে রূপ নিতে শুরু করে যখন একটি বন্যপ্রাণী, বিশেষত শিম্পাঞ্জি-জাতীয় প্রাইমেট-এর আক্রমণের মুখোমুখি তারা হয়। গল্পে মূল ফোকাস থাকে বেঁচে থাকার জন্য লড়াই, টেনশন ও উত্তেজনা তৈরি করা। সিনেমার মূল গল্প আবর্তিত হয় একটি পরিবার এবং তাদের পোষা শিম্পাঞ্জিকে ঘিরে।
গল্পের মূল থিম গৃহপালিত প্রাণীর বিপজ্জনক রূপান্তর এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের টিকে থাকার চ্যালেঞ্জ।
সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। এরিমধ্যে ৩২ মিলিয়ন ডলার আয় করেছে, যা এটিকে এখনো পর্যন্ত এ বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত করেছে। পর্যালোচনা ওয়েবসাইট রটেন টমেটোস-এ ১৩৪ জন সমালোচকের পর্যালোচনার মধ্যে ৭৯% ইতিবাচক, যার গড় রেটিং ৬.৫/১০।