নির্বাচনের বাকি আর মাত্র তিন দিন। শেষ মুহূর্তে জোর প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। এসব প্রচারণায় শোবিজের কিছু কিছু তারকাও দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপি’র নির্বাচনি প্রচারণায় বিভিন্ন আসনে দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান, নায়িকা শিমলাদের।
তবে তাদের মধ্যে নায়িকা শিমলাকে ধানের শীষের নির্বাচনি প্রচারণায় দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ ২০২৪-এর জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে ঝিনাইদহ-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন নায়িকা শিমলা।
‘ম্যাডাম ফুলি’-খ্যাত এই নায়িকা নিজে গিয়ে সেবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি।
অথচ সেই শিমলা এবার ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন। একাধিক অনলাইনে পোর্টালে নিউজ ও সোশ্যাল হ্যান্ডেলে দেখা যাচ্ছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ শরীফদের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন শিমলা।
ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এসময় শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন। আর আমাকে নিয়ে নয় ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলবো।’
হঠাৎ কেন শিমলা ভোল পাল্টালেন জানতে তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।