পাহাড়ঘেরা মনোরম প্রান্তর সূর্যোদয়ের কোমল আলোয় যখন ধীরে ধীরে জেগে উঠছে, ঠিক তখনই দৃশ্যপটে আসে এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। শান্ত সেই পরিবেশ দ্রুতই বদলে যেতে থাকে অদৃশ্য কোনও বিপদের আভাসে। নীরবতা ভেঙে ঘনিয়ে আসতে দেখা যায় অজানা নানা বিপদ। আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি আর বেঁচে থাকার মরিয়া সংগ্রামের ইঙ্গিত—এই সবকিছুর মধ্যেই প্রকাশ পেল ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ‘দম’–এর ফার্স্ট লুক।
৮ মার্চ বেলা ১ টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুকটি। এতে স্পষ্ট হয়েছে অভিনয়শিল্পী আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর লুক। বিভিন্ন দৃশ্যে তৈরি হওয়া মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক যোগোযোগমাধ্যমে তারা প্রশংসায় ভাসাচ্ছেন ফার্স্ট লুকটিকে।
পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’। ছোট্ট এই সংলাপটি ফার্স্ট লুককে তো বটেই, ‘দম’ সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলছে বলে মনে করছেন দর্শক–ভক্তরা।
ফার্স্ট লুক:
সিনেমার নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘এটা এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্ট লুকটি সিনেমাটির একটি সারাংশ মাত্র। আমি আগেই বলেছিলাম এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শকরা টিজারে পেয়েছেন। অর এই ভিজ্যুয়াল আরও দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী কলাকুশলীদের প্রচেষ্টায়। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি।’
‘দম’ সিনেমায় শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তিনি বলেন, ‘এটা একটা সারভাইবাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্ট লুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে।’
‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি।
‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে ‘দম’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।