ঈদ ‘ইত্যাদি’র বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রতি ঈদেই যুক্ত হয় নিত্য-নতুন সব বিষয়। ম্যাগাজিন অনুষ্ঠানে এ ধরণের বিষয়ভিত্তিক তারকাবহুল মিউজিক্যাল ড্রামা প্রথম শুরু করেন নন্দিত নির্মাতা হানিফ সংকেত।
এবারের ঈদে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানান সমস্যা নিয়ে থাকবে চারটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা। আর এতে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান, আরফান আহমেদ প্রমুখ।
হানিফ সংকেতের মতে, সবকিছু মিলিয়ে এবারের ঈদে আনন্দের সাথে একাত্ম হয়ে আনন্দের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেবে এই নাটকগুলো।
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। যথারীতি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।