ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবারও নির্মিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টায় বিটিভির পর্দায়।
এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন দুই অভিনয়শিল্পী মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। এখানে নাচবেন রিচি সোলায়মান, মেহজাবীন চৌধুরী, চাঁদনী, পূজা চেরী ও আনিকা কবির শখ। আশির দশক থেকে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমার গান ও ফোক গানে তাদের পরিবেশনা সাজানো হয়েছে বিশেষ কোরিওগ্রাফিতে।
এছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। দর্শকদের হাসাতে থাকবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি থাকবে যন্ত্রসংগীতে ‘রমজানের ঐ রোজার শেষে’ পরিবেশনা, বিশেষ জিঙ্গেল এবং নাটিকা।
প্রযোজকদের মতে, ‘‘ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে নাচ, গান, কমেডি ও নানা আয়োজনে সাজানো এই বিশেষ ‘আনন্দমেলা’ দর্শকদের জন্য হয়ে উঠবে বাড়তি বিনোদনের উৎস।’’