শেকড়ের টানে ঘরমুখো মানুষের ঘরে ফেরার অনুভূতি নিয়ে গাইলেন নাবিলা নূর কুহু। ঈদ উৎসবে ‘ফেরা’ নিয়ে ফিরলেন এ শিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।
১৭ মার্চ এটি প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেল, স্পটিফাই ও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে।
গানের কথা লিখেছেন কুহু নিজেই।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমার গানের কথা ও সুরে সাধারণত নস্টালজিয়া, অপেক্ষা এবং নগরজীবনের নানা অনুভূতি প্রতিফলিত হয়। ‘ফেরা’-তেও ফিরে আসার আবেগ ও স্মৃতিমাখা অনুভূতির প্রকাশ ঘটেছে। ঘর ছেড়ে দূরে থাকা মানুষের মনে যে নস্টালজিয়া জন্ম নেয় ও দীর্ঘদিন পর নিজের ঘরে কিংবা দেশে ফেরার যে আবেগ ও অনুভূতি, তা ধারণ করেই তৈরি হয়েছে গানটি।’
গানটিতে ব্লুজ ও জ্যাজ এর অনুপ্রেরণা নিয়েছেন অটমনাল মুন, যা গানটিতে একটি স্বতন্ত্র মাত্রা যোগ করেছে। গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে গিয়ে স্কেচ অ্যানিমেশন ব্যবহার করে গানটির ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে, ভিডিওটি নির্মাণ করেছেন মীর হিশাম।ছায়ানট থেকে নজরুলগীতিতে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে শিল্পী নাবিলা নূর কুহু তার সংগীতশিক্ষা সম্পন্ন করেন। এছাড়া তিনি শুদ্ধসংগীত তালিম নিয়েছেন অনুপ বডুয়ার কাছে। শৈশব থেকেই তার সংগীত প্রতিভা শ্রোতাদের মুগ্ধ করে আসছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর তালিকাভুক্ত শিল্পী হিসেবেও দীর্ঘদিন যুক্ত আছেন।
সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজের মৌলিক গান নিয়ে কাজ শুরু করেছেন, যার অধিকাংশেরই কথা ও সুর তার নিজের করা। উল্লেখযোগ্য মৌলিক কাজগুলোর মধ্যে রয়েছে রাফার সঙ্গে ‘বেহাগের এই রাত’, সন্ধির সঙ্গে ‘দ্য সং অব আ রোডট্রিপ’ এবং মুনের সঙ্গে ‘শহুরে মায়া’। এছাড়াও তার ‘ছায়াহরিণের ডাক’ ও ‘শূন্যতায় জীবন’ গান দুটি বেশ নন্দিত।