পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!

প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘দম’-এর অফিশিয়াল ট্রেলার। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে প্রকাশ পায় ট্রেলারটি। একই সময়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। যেখানে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদে শুধুই মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। কারণ, সিঙ্গেল স্ক্রিনের হলগুলোতে নাকি পাইরেসির ভয়!  

এদিকে সিনেমার ফার্স্ট লুকে যে নান্দনিকতার আভাস পাওয়া গিয়েছিল, ট্রেলারে তা আরও পূর্ণাঙ্গ রূপ পেয়েছে, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলেছে প্রশংসার ঝড়।

নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র ‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। প্রেস কনফারেন্সে নির্মাতা জানান, একটি জাতীয় দৈনিকের ঈদ সংখ্যায় প্রকাশিত গল্প থেকে তিনি এই সিনেমার মূল রসদ খুঁজে পান। সিনেমার গভীরতা সম্পর্কে তিনি বলেন, ‘‘অনেক টাকা বা অনেক মানুষ যুক্ত হলেই এমন সিনেমা হয়তো করা যায় না। এমন সিনেমাকে ভেতর থেকে ‘হয়ে উঠতে’ হয়। সবার ভালোবাসা আর বিশ্বাস না থাকলে এটা সম্ভব না।”পূজা চেরীট্রেলারে অভিনেতা আফরান নিশোর কণ্ঠে একটি সংলাপ দর্শকদের বিশেষভাবে নাড়া দিয়েছে— ‘জন্মের পরেই শুরু হয় দমের খেলা। আর আপনি যখন মৃত্যুর খুব কাছাকাছি, তহন দম ধইরা রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইড়া দিতে আরও কষ্ট।’ নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নিশো জানান, ‘দম’ নিয়ে কথা বলতে গেলে তিনি আবেগপ্রবণ হয়ে যান। এমন একটা কাজের জন্য ইউনিটকে ধন্যবাদ জানান আফরান নিশো।

ট্রেলার:সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। তার চরিত্রের নাম রানি। উচ্ছ্বাস প্রকাশ করে পূজা বলেন, ‘‘আপনারা সবসময় চেয়েছেন আমি ভালো কাজ করি। আশা করছি ‘দম’ দেখে আপনাদের সেই প্রত্যাশা মিটবে। আমার ওপর আস্থা রাখার জন্য রনি ভাই ও শাকিল ভাইকে কৃতজ্ঞতা জানাই। আর নিশো ভাই সহশিল্পী হিসেবে কতটা সাপোর্টিভ হতে পারে তা উনার সঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না৷”

সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, পাইরেসি রোধে তদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। নিরাপত্তার খাতিরে সিনেমাটি মুক্তির প্রথম ২–৩ সপ্তাহ শুধুমাত্র সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শিত হবে। আপাতত সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। 

‘দম’ সিনেমা ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন। সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন। সিনেমায় আরও গান করেছেন ইমরান মাহমুদুল ও পারশা মাহজাবীন। প্রেস কনফারেন্সে গানটির দুই লাইন গেয়ে শোনান শিল্পী দুজন। 

ফার্স্ট লুক:এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।পারশা ও ইমরান