ঈদের দিন থেকে হতাশায় ডুবে ছিলো শাকিবিয়ানরা। কারণ, ‘প্রিন্স’ সিনেমার প্রদর্শনে দেশে চলছিলো ভৌতিক জটিলতা। এরমধ্যেই আশার খবর এলো বিদেশ থেকে। জানা গেলো, শাকিব খান নিজেকে পুরনো জটিলতায় আটকে না রেখে পা বাড়ালেন সামনের দিকে।
নিশ্চিত হওয়া গেলো, এরমধ্যে মালয়েশিয়ায় শুরু হলো তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং। আসন্ন কোরবানির ঈদ লক্ষ্য করে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে দেশটিতে।
যে সময়টাতে সিনেমার নায়ক-নায়িকা-নির্মাতারা দল বেঁধে দেশের প্রেক্ষাগৃহে সকাল-বিকাল ভিজিট আর ইন্টারভিউতে ব্যস্ত, সেই সময়ে শাকিব খান নিজেকে ব্যস্ত করলেন নতুন সিনেমার শুটিংয়ে। যেন আরও একবার বলিউড কিং জানান দিলেন, পেছনে তাকিয়ে সময় নষ্ট করার মতো সময় ‘রকস্টার’-এর হাতে নেই!
জানা গেছে, আগামী ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশন টানা চলবে ছবিটির শুটিং, এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহেই ঢাকার বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যায়ন।
ছবিটির গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক—সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এর চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো।
ছবিটিতে শাকিব খানের সঙ্গে থাকছেন সাবিলা নূর, এ ছাড়া দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ডিসিপি জটিলতা কাটিয়ে উঠেছে খানের ঈদের ছবি ‘প্রিন্স’। মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের চতুর্থ দিন স্টার সিনেপ্লেক্সে এসেছে সিনেমাটি।
খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
স্টার সিনেপ্লেক্সের ফেসবুকে প্রকাশ করা হয়েছে ‘প্রিন্স’-এর পোস্টার। সেখানে লেখা হয়েছে, ‘প্রিন্স’ এখন চলছে বড় পর্দায়—অ্যাকশন, ড্রামা আর এন্টারটেইনমেন্টে ভরপুর এক অভিজ্ঞতা।
অন্যদিকে প্রযোজনা সংস্থা থেকে জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় চলেছে ‘প্রিন্স’।
ঈদের দিন মুক্তি পেলেও একাধিকবার ডিসিপি জটিলতার কারণে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে ছবিটি ঈদের প্রথম চারদিন প্রদর্শন সম্ভব হয়নি।
পর্দায় প্রথমবারের মতো শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। তাসনিয়া ফারিণ ও টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।