বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে কালজয়ী দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ’-এর নতুন সংস্করণ। এই পরিবেশনার মাধ্যমেই যাত্রা শুরু করতে যাচ্ছে মিউজিক ও ক্রিয়েটিভ প্রোডাকশন প্ল্যাটফর্ম ফায়ারওয়ার্কস।
কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে, মনিরুজ্জামান মনিরের কথায় এবং আলাউদ্দিন আলীর সুরে সৃষ্টি কালজয়ী এই গানের নতুন সংস্করণটির সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আলমুক্তাদির।
ফুয়াদের প্রতিক্রিয়ায়, ‘ভিন্ন এই আয়োজনের মাধ্যমে গানটির ঐতিহ্য ও আবেগ অক্ষুণ্ণ রেখে তা নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপন করাই মূল লক্ষ্য আমাদের।’
‘প্রথম বাংলাদেশ’ গানটির নতুন সংস্করণ ২৬ মার্চ বিশ্বব্যাপী বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে।