যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউজ অব কমন্সে অনুষ্ঠিত হয়ে গেল ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের দ্বৈত বাংলা গান ‘প্রেম পিয়াসা’-এর প্রকাশনা উৎসব।
অনুষ্ঠানটি আয়োজন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার অব পার্লামেন্ট রুথ ক্যাডবেরি (এমপি) এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ।
অনুষ্ঠানে সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবং তার ছেলে শাহ জামান খানকে সম্মাননা জানানো হয়।
ওস্তাদ রাহাত ফতেহ আলী খান বলেন, ‘বাংলা গানের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। এই গান সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ। আমাকে ও আমার ছেলেকে সম্মানিত করায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক কণ্ঠশিল্পী আসিফ আকবর, প্রযোজক ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহসহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক এমপি, হাউজ অব কমন্সের সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এদিকে আসিফ আকবর বলেন, ‘এই আয়োজনের মধ্যদিয়ে বাংলা গান আজ বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে গেল। এমন একটি আন্তর্জাতিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।’
‘প্রেম পিয়াসা’ গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
প্রযোজক ধ্রুব গুহ বলেন, ‘বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে গানটির ভিডিও । সেই সঙ্গে গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।