‘ছিটমহল’ ছবির একটি দৃশ্য।৬৫ বছর পরে সদ্য মীমাংসিত বাংলাদেশ-ভারত ছিটমহলের ওপর নির্মিত হচ্ছে একটি চলচ্চিত্র। এইচ আর হাবিবের নির্দেশনায় শুরু থেকে এ ছবির নাম ছিল ‘শেষ প্রহর’। যার শ্যুটিংও প্রায় শেষের পথে। তবে শ্যুটিং শেষ হওয়ার আগেই এর নাম বদল হয়ে গেল। নতুন নাম ‘ছিটমহল’। এমনটাই নিশ্চিত করলেন এর অন্যতম অভিনেতা ও সহ-প্রযোজক শিমুল খান।
তিনি জানান, ছবির গল্পের দাবিতেই নামটি শেষ পর্যন্ত পরিবর্তন করা হলো। যার ফলে এবার ছবিটির গল্পের সঙ্গে নামের সংযোগ খুঁজে পাবেন দর্শকরা।
ভিন্ন ধারার এই ছবিতে শিমুল খান ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, উজ্জল কবির হিমু, সজল (মীরাক্কেল), ডনসহ আরও অনেকে।
কাল রবিবার বিক্রমপুরের শ্রীনগরের বাড়ৈখালি ইউনিয়নের শিবরামপুরের বিভিন্ন স্থানে এর শেষ অংশের কাজ শুরু হবে। চলবে টানা তিন দিন।
‘ছিটমহল’ ছবি প্রসঙ্গে এর প্রধান অভিনেতা শিমুল খান বলেন, ‘গল্পটি ছিটমহলের সুখ-দুঃখ দিয়ে গাঁথা। এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপড়েন নিয়ে এর কাহিনী আবর্তিত হয়েছে। ছবিটিতে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ। আর আমার বিধবা বোনের চরিত্রে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। বলতে পারেন আমার সংসার নিয়েই পুরো ছবির গল্প।’
শিকড় কথাচিত্রের ব্যনারে নির্মিতব্য এ ছবিটির সার্বিক সহযোগিতায় এবং সহ প্রযোজনায় রয়েছে শিমুল খান মোশন পিকচার্স।