পল ওয়াকারের মৃত্যুর দায়

২০১৩ সালের নভেম্বরের কথা। লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন হলিউড তারকা পল ওয়াকার। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লাইটপোস্ট ও গাছের সঙ্গে গাড়িটি ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ি চালাচ্ছিলেন তার বন্ধু রজার রোডাস। ঘটনাস্থলেই বন্ধু রজারের সঙ্গে নিহত হন ৪০ বছর বয়সী পল ওয়াকার। ওই দুর্ঘটনার জন্য রজারকে আংশিকভাবে দায়ী বলে মনে করা হয়।


আর সে দায় থেকেই এবার রজারের সম্পত্তিতে পল ওয়াকারের মেয়ে মিডৌ ওয়াকারকে অংশীদার করা হয়েছে। নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত অনুযায়ী রজার রোডাসের সম্পত্তি থেকে ১৭ বছর বয়সী মিডৌর জন্য গঠিত একটি ট্রাস্টে ১ কোটি ১ লাখ ডলার পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী জেফ্রে মিলাম।

নিষ্পত্তিমূলক বিবৃতিটি পড়ে শোনাতে গিয়ে তিনি বলেন, ‘রজার রোডাসের সম্পত্তি থেকে মিডৌ ওয়াকারকে যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তা তার বাবা বেঁচে থাকলে চলচ্চিত্র তারকা হিসেবে যা আয় করতে পারতেন তার ক্ষুদ্র অংশ মাত্র।’

পরিশোধকৃত অর্থ থেকে বিভিন্ন খরচ আর অ্যাটর্নির ফি পরিশোধের পর মিডৌ প্রায় ৭২ লাখ ডলার হাতে পাবেন।

যে গাড়িটিতে ওয়াকার ছিলেন সেটির ত্রুটিপূর্ণ নির্মাণের অভিযোগে নির্মাতা প্রতিষ্ঠান পোরশে এজির বিরুদ্ধেও মিডৌর আইনি লড়াই চলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এফইউ/এমএম/