২০২৩ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘সুড়ঙ্গ’-এর সেই ‘মাসুদ’ এবার আরও বড় ধামাকা নিয়ে বড় পর্দায় ফিরছে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (১২ জুন, ২০২৬) এক রোমাঞ্চকর ভিডিও প্রকাশের মাধ্যমে বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা রায়হান রাফী। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই ছবিটি ২০২৬ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ভিডিওর শুরুতে ‘সুড়ঙ্গ’ সিনেমার সেই চেনা সুড়ঙ্গ খোঁড়ার দৃশ্য ও আবহ সংগীত দর্শকদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। এরপরই মারকুটে ও স্টাইলিশ অবতারে স্ক্রিনে হাজির হন আফরান নিশো। লাল শার্ট, সানগ্লাস এবং চুলে ভিন্ন কায়দায় নিশোকে চেনা যায় সেই কুখ্যাত ‘মাসুদ’ হিসেবে, যার হাতে আঁকা রয়েছে ‘ময়না’ নামের ট্যাটু। ভিডিওতে নিশোর দাপুটে উপস্থিতি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর দর্শকদের মাঝে টানটান উত্তেজনা তৈরি করে।
ভিডিওটি প্রকাশের পর এক বার্তায় নির্মাতা রায়হান রাফী বলেন, "অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট! সুড়ঙ্গ মাসুদ ইজ ব্যাক- সুড়ঙ্গের মাসুদ আবার ফিরে এসেছে! ‘সুড়ঙ্গ ২’-এর মাধ্যমে আমাদের ব্লকবাস্টার জুটি (আফরান নিশো ও রায়হান রাফী) আবারও এক হতে যাচ্ছে। এবারের গল্পটি আগের চেয়ে আরও বড়, আরও সাহসী এবং আরও বেশি থ্রিলিং হতে চলেছে। এটি মূলত ‘রায়হান রাফী ফিল্ম ইউনিভার্স’-এর একটি বড়সড় বিস্তার হতে যাচ্ছে। ২০২৬ সালের ডিসেম্বরে সিনেমা হলে দেখা হচ্ছে সবার সাথে।"
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত এবং আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। ময়না ও মাসুদের সেই সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক চুরির রোমাঞ্চকর গল্প ও নিশোর দুর্দান্ত অভিনয় সে সময় দেশ এবং দেশের বাইরে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল। ওটিটি প্ল্যাটফর্মেও ছবিটি লুফে নিয়েছিল দর্শক। তিন বছর পর আজকের এই টিজার-ঘোষণা যেন দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার এক মোক্ষম জবাব।
ভিডিওর একদম শেষ দিকে চেনা সেই রহস্যময় হাসি দিয়ে নিশোকে দর্শকদের উদ্দেশে বলতে শোনা যায়, "আমি আইতাছি, তগো লাইগা সুখবর। দেখা হইব!" রাফীর এই নতুন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হইচই। ‘রায়হান রাফী ফিল্ম ইউনিভার্স’-এর এই নতুন অধ্যায় এবং অ্যাকশন অবতারে আফরান নিশোর বড় পর্দায় প্রত্যাবর্তন—চলতি বছরের ডিসেম্বরে বাংলা সিনেমার দর্শকদের জন্য সবচেয়ে বড় উপহার হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।
‘সুড়ঙ্গ ২’-এর এনাউন্সমেন্ট ট্রেলার