বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে আলো, সুর আর উচ্ছ্বাসের ভিড়ে হঠাৎই চোখ আটকে যায় এক শিল্পীর পোশাকে। মেরুন রঙের স্যুটে ফুটে উঠেছে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা আর লাল-সবুজের ছাপ। আর বারবার হাতার সেই নকশার দিকে ইশারা করে তিনি যেন জানিয়ে দিচ্ছিলেন—এটাই তার শিকড়, এটাই তার পরিচয়।

তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী  সানজয় দেব।

শুক্রবার (১২ জুন) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি পপশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গান পরিবেশন করেন সঞ্জয়। তবে তার পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় আসে বাংলাদেশের প্রতীক বহন করা সেই বিশেষ পোশাক।

মঞ্চে পারফরম্যান্সের সময় কয়েকবার স্যুটের হাতার নকশার দিকে ইশারা করতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই বিষয়টিকে বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও গর্বের প্রকাশ হিসেবে দেখছেন।

ইতোমধ্যে দেশের সংগীতশিল্পীসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্জয়ের পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরায় প্রশংসা করছেন ভক্তরাও।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও পারফরম্যান্সের একটি ভিডিও প্রকাশ করেছেন  সানজয়। সেখানে তিনি লিখেছেন, ‘My people. This is just the start of something beautiful.’—বাংলায় যার অর্থ, ‘আমার মানুষ, সুন্দর কিছুর এটি কেবল শুরু।’

জানা গেছে, বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম  সানজয় দেবের। শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামে। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বিভিন্ন সংস্কৃতি ও সংগীতধারার মিশেলে তৈরি হয়েছে তার নিজস্ব সংগীতজগৎ। তবে বিশ্বমঞ্চে দাঁড়িয়েও তিনি যে নিজের শিকড়কে ভুলে যাননি, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তার উপস্থিতি যেন সেটাই নতুন করে মনে করিয়ে দিলো।