নাটকের সবচেয়ে দুঃখের দৃশ্যে বিড়ালের কাণ্ড, হাসিতে কাঁপল থিয়েটার!

উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী ট্র্যাজেডি রোমিও অ্যান্ড জুলিয়েট–এর শেষ দৃশ্য সাধারণত দর্শকদের আবেগাপ্লুত করে। কিন্তু তুরস্কের ইজমির শহরে সেই বিখ্যাত বিয়োগান্তক মুহূর্তই এবার পরিণত হলো হাসির খোরাকে। আর এর পেছনে ছিল এক অনাহূত অতিথি—একটি কমলা রঙের বিড়াল।

সম্প্রতি বর্নোভা ওপেন-এয়ার থিয়েটারে ইম্পেরিয়াল রাশিয়ান ব্যালে কোম্পানির রোমিও অ্যান্ড জুলিয়েট পরিবেশনার সময় ঘটনাটি ঘটে। নাটকের শেষ দৃশ্যে মঞ্চে বিষপানে ‘মৃত’ অবস্থায় শুয়ে ছিলেন রোমিও, আর তাঁর পাশে শোকে কাতর জুলিয়েট। দর্শক সারিতেও তখন নেমে এসেছিল গভীর নীরবতা।

ঠিক সেই মুহূর্তে মঞ্চে ঢুকে পড়ে একটি বিড়াল। ধীরেসুস্থে হেঁটে গিয়ে সেটি শুয়ে থাকা রোমিওর মাথার পাশে বসে পড়ে। এরপর শুরু হয় তার খুনসুটি। বিড়ালটি রোমিওর চুলে থাবা দিয়ে নাড়াচাড়া করতে থাকে, এমনকি চুল কামড়ানোর চেষ্টাও করে।তবে সবচেয়ে প্রশংসিত বিষয় ছিল অভিনয়শিল্পীদের পেশাদারিত্ব। বিড়ালের এমন কাণ্ডের মধ্যেও রোমিও চরিত্রে অভিনয় করা শিল্পী মৃত মানুষের মতোই নিশ্চল পড়ে থাকেন। অন্যদিকে জুলিয়েট চরিত্রের শিল্পীও নিজের অভিনয় ও নৃত্য থামাননি।

ফলে নাটকের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্যটি মুহূর্তেই পরিণত হয় এক অনাকাঙ্ক্ষিত হাস্যরসাত্মক ঘটনায়। দর্শকদের অনেকেই দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

নেটিজেনরা একদিকে যেমন বিড়ালের নির্ভার উপস্থিতি উপভোগ করেছেন, অন্যদিকে অভিনয়শিল্পীদের পেশাদারিত্বেরও ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই মজা করে লিখেছেন, “নাটকের আসল তারকা রোমিও বা জুলিয়েট নয়, সেই কমলা বিড়াল।”