প্রিন্স উইলিয়াম ও ক্যাটকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ। সঙ্গে ঐশ্বরিয়া রাই।ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও ক্যাট মিডলটন দম্পতির সম্মানে মুম্বাইয়ে আয়োজন করা হয়েছিল একটি দাতব্য উৎসবের। রবিবার বলিউডের সব বড় বড় তারকারা হাজির ছিলেন সে অনুষ্ঠানে।
কিং খানখ্যাত বলিউড সুপারস্টার শাহরুখ খান ছিলেন সে অনুষ্ঠানের নেতৃত্বে। দারুণ সময় কাটিয়েছেন প্রিন্স উইলিয়াম ও ক্যাট মিডলটনের সঙ্গে। রাজ দম্পতির সঙ্গে দেখা করার পর শাহরুখ তাদের ‘দয়াময় ও ভারসাম্যপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন।
৫০ বছরের এ অভিনেতা আইপিএলে নিজের টিম কলকাতা নাইট রাইডার্সের প্রথম জয় উদযাপন করতেও ভুলেননি। রবিবার সন্ধ্যায় এবারের আসরের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে জয় পেয়েছে নাইটরা। রাজ দম্পতি ও দলের জয় নিয়ে টুইটে শাহরুখ লিখেছেন, রাজ দম্পতি অনেক দয়াময় ও ভারসাম্যপূর্ণ। আজকের রাত শুধু রাণি ও নাইটদের। যদি সব রাত এমন হতো।
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন, পরিনীতি চোপড়া, অনিল কাপুর ও তার মেয়ে সোনম কাপুর, ভাতিজা অর্জুন কাপুর, আলিয়া ভাট, ঋষি কাপুর এবং নিতু সিংও বলিউডের এ দাতব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্স উইলিয়াম ও ক্যাট মিডলটন সাত দিনের জন্য ভারত ও ভুটান সফরে এসেছেন। দুই দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই তাদের এই সফর।
সূত্র: এনডিটিভি।
/এএ/এমএম/