মেয়ের প্রথম সিনেমায় হাতে-কলমে অভিনয় শেখাচ্ছেন শাহরুখ নিজেই

প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’। আর এই ছবির মাধ্যমেই বলিউডে বড়পর্দায় অভিষেক হচ্ছে তাঁর মেয়ে সুহানা খান-এর। মেয়ের প্রথম সিনেমাকে ঘিরে একজন বাবা ও অভিনেতা—দুই ভূমিকাতেই সমান দায়িত্ব পালন করছেন শাহরুখ।

ছবিতে অভিনয় করা বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায় সম্প্রতি শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে জানিয়েছেন, শাহরুখ শুধু নিজের অভিনয়েই মনোযোগী নন, মেয়ের প্রতিটি দৃশ্যও নিজে হাতে গাইড করছেন।

খরাজ মুখোপাধ্যায় বলেন, “মেয়ের প্রথম ছবি বলে শাহরুখ সবটাই গাইড করছেন। খুব কেয়ারিং। মেয়েকে প্রতিটি দৃশ্য নিজে অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন। অভিনেতা হিসেবে যাতে সুহানার কোনো ত্রুটি না থাকে, সেই দিকটাও সমান গুরুত্ব দিয়ে দেখছেন তিনি।”

খরাজের ভাষ্য, সুহানার একটি শুয়ে থাকার দৃশ্যের শুটিং চলাকালে শাহরুখ নিজেই অভিনয় করে দেখিয়ে দেন কীভাবে মাথা হেলিয়ে রাখতে হবে, কীভাবে দৃশ্যটি আরও স্বাভাবিক করা যায়। মেয়ের অভিনয়ে যেন কোনো ত্রুটি না থাকে, সে বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

শাহরুখের কর্মনিষ্ঠারও প্রশংসা করেছেন খরাজ। তাঁর মতে, সেটে থাকলে শাহরুখ কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করেন না। দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত টানা শুটিং করলেও তিনি পুরো সময়টাই মনোযোগ ধরে রাখেন। তাঁর এই নিবেদন পুরো ইউনিটকেও একই পরিবেশে কাজ করতে উদ্বুদ্ধ করে।

শুটিং শেষে শাহরুখের কাছে একটি অটোগ্রাফও চান খরাজ। অভিনেতার দাবি, শাহরুখ সাদরেই সেই অনুরোধ রাখেন। পাশাপাশি তিনি খরাজের অভিনয়ের প্রশংসা করেছেন বলেও জানান এই অভিনেতা।

সুজয় ঘোষ-এর চিত্রনাট্যে নির্মিত ‘কিং’ ছবিটি প্রযোজনা করছেন গৌরী খান। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর।