শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব

নব্বই দশকের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব। সেই সময়ের শ্রোতাদের কাছে তাঁর গান মানেই ছিল আলাদা এক আবেগ। সময় বদলেছে, বদলেছে গান শোনার মাধ্যমও। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল দুনিয়াতেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন এই শিল্পী।

নিজের ইউটিউব চ্যানেল ‘শুভ্রদেব অফিসিয়াল’-এর মাধ্যমে পুরোনো ও নতুন গান প্রকাশের পাশাপাশি নিজের সংগীতজীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো আর্কাইভ করছেন তিনি। একই সঙ্গে ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে অতীতের স্মৃতি, সংগীতজীবনের নানা অজানা গল্প এবং বর্তমান সময়ের ভাবনা তুলে ধরছেন।

সেই ধারাবাহিকতায় এবার তাঁর জনপ্রিয় গান ‘এ মন আমার পাথর তো নয়’ ইউটিউবে ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ ভিউয়ের মাইলফলক পেরিয়েছে। কোনো ধরনের বুস্ট ছাড়াই গানটির এই সাফল্যে উচ্ছ্বসিত শুভ্রদেব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি গানটির সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীদের স্মরণ করেছেন তিনি।

শুভ্রদেব লিখেছেন, ‘এ মন আমার পাথর তো নয়’ গানটি ২৫ মিলিয়ন (পঁচিশ মিলিয়ন) পার হয়ে গেল, কোনো বুস্টআপ ছাড়াই। আসলে স্যাড সং, ভালো কথা ও সুরের গান এখনো মানুষের হৃদয়ের গভীরে বেঁচে আছে—এটাই আশার কথা।

গানটির সঙ্গে যুক্ত শিল্পীদের স্মরণ করে তিনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধু মানাম আহমেদ কিবোর্ড বাজিয়েছিলেন, সেলিম হায়দার ভাই লিড গিটার, ফরিদ ভাই বেস গিটার এবং পুলক রিদম প্রোগ্রামিং করেছিলেন। সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন আজম বাবু।’

গানটির গীতিকার আহমেদ রিজভী ও সুরকার প্রণব ঘোষের কথাও স্মরণ করেছেন শুভ্রদেব। তিনি লেখেন, ‘আহমেদ রিজভী তখন অনেক তরুণ ছিলেন, তাঁরই লেখা ছিল গানটি। আর প্রণব ঘোষ অসাধারণ সুর সৃষ্টি করেছিলেন। সাউন্ড টেকের বাবুল ভাইও আমার প্রিয় মানুষ।’

গানটির জনপ্রিয়তার পুরোনো স্মৃতিও তুলে ধরেছেন এই শিল্পী। শুভ্রদেব জানান, প্রকাশের প্রথম ২২ দিনে তখনকার সময়ে প্রায় ৯৪ হাজার কপি বিক্রি হয়েছিল গানটির।

পরবর্তী সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী গানটি শুনে মুগ্ধ হন। এরপর তাঁর অভিনীত ‘ভাগ্য দেবতা’ সিনেমার টাইটেল বা নামসংগীত হিসেবে শুভ্রদেবকে দিয়ে গানটি গাওয়ানো হয়। ছবিটিতে শুভ্রদেব ছাড়াও কণ্ঠ দিয়েছিলেন অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ ও অভিজিৎ।

গানটির সর্বজনীন জনপ্রিয়তার কথা তুলে ধরে শুভ্রদেব আরও লেখেন, ‘এই গানটি যিনি রিকশা চালান, তিনিও জানেন; আবার যিনি ডাক্তারি করেন, তিনিও জানেন।’

এ মন আমার পাথর তো নয়