মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে নির্মিত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ মুক্তির প্রস্তুতি শুরু করেছে। সেই যাত্রার প্রথম ধাপ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাইকে বেছে নিয়ে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে দর্শকের সামনে নিজেদের নির্মাণের গল্প তুলে ধরার আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’।
২৫ জুলাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি বিশেষ দিন। ১৯৭১ সালের এই দিনে ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে নামার সেই মুহূর্ত আজও মুক্তিযুদ্ধের ইতিহাসের গর্বিত অধ্যায়। সেই ইতিহাস, সেই লড়াই এবং দেশপ্রেমই ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার মূল উপজীব্য।
সিনেমাটির প্রথম পোস্টারেও ধরা পড়েছে সেই আবহ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পানিতে ডুবে থাকা জনপদের সামনে দাঁড়িয়ে থাকা এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উড়তে থাকা লাল-সবুজের পতাকা—সব মিলিয়ে ফুটে উঠেছে যুদ্ধের সময় ফুটবলকে ঘিরে গড়ে ওঠা এক ভিন্নধর্মী প্রতিরোধের প্রতীকী চিত্র।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ একঝাঁক অভিনয়শিল্পী।
সিনেমাটি নিয়ে নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘ঠিকানা বাংলাদেশ’ এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখেই ধাপে ধাপে প্রচারণামূলক কার্যক্রম শুরু করছেন তারা।
‘ঠিকানা বাংলাদেশ’ শুধু মুক্তিযুদ্ধের গল্প নয়। স্বাধীন বাংলা ফুটবল দলের মাঠের লড়াই, দেশপ্রেম এবং স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার ঐতিহাসিক প্রচেষ্টাকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষার পর এ বছর সিনেমাটি মুক্তি পেলে স্বাধীন বাংলা ফুটবল দলের সেই অনন্য ইতিহাস বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শক।