নব্বইয়ের দশক থেকেই স্টুডিওর চার দেওয়াল পেরিয়ে দেশের নানা ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে ধারণ করা হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর জেলায়।
এই জেলার সমৃদ্ধ ইতিহাস ও সৌন্দর্যকে উপজীব্য করে এবার নান্দনিক মঞ্চ নির্মাণ করা হয় লক্ষ্মীপুর জেলা সদরে অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘দালাল বাজার জমিদারের’ স্মৃতিবহনকারী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে। ইত্যাদি ধারণকে কেন্দ্র করে পুরো লক্ষ্মীপুর জুড়েই ছিল উৎসবের আমেজ।
থাকছে লক্ষ্মীপুর ঘিরে বিশেষ দুই গান ও নৃত্য
এবারের ইত্যাদি পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন লক্ষ্মীপুরেরই মেয়ে তানজিনা রুমা এবং ফেনীর মেয়ে সাাজিয়া সুলতানা পুতুল। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ।
অপরদিকে প্রতিবারের মতো এবারও রয়েছে একটি ঐতিহ্যবাহী জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। তানজিনা রুমা ও রাজিবের গাওয়া এই গানের তালে মঞ্চ মাতাতে দেখা যাবে স্থানীয় একঝাঁক তরুণ নৃত্যশিল্পীকে।
এভারেস্ট জয়ী নিশাত মজুমদার ও গুণী অভিনেত্রী দিলারা জামান
ইত্যাদির নিয়মিত পর্বের পাশাপাশি রয়েছে একাধিক চমৎকার চমক। এই পর্বে দর্শকরা দেখতে পাবেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী ও লক্ষ্মীপুরের গর্ব নিশাত মজুমদারের একটি বিশেষ এক্সক্লুসিভ সাক্ষাৎকার।
এছাড়া নিয়মিত দর্শক নির্বাচন পর্বের দ্বিতীয় ধাপে নির্বাচিত দর্শকরা লক্ষ্মীপুরের সন্তান, গুণী ও শ্রদ্ধেয় অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে চমৎকার একটি নাটিকায় অভিনয় করেন, যা উপস্থিত দর্শকদের বেশ আনন্দ দিয়েছে।
নদী ও ভাগ্যের সঙ্গে লড়া মাঝির মানবিক গল্প
বিনোদনমূলক পর্বগুলোর পাশাপাশি ইত্যাদি সব সময় সমাজের অবহেলিত ও অনুপ্রেরণাদায়ক মানুষের কথা তুলে ধরে। এবারও নদী আর ভাগ্যের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকা লক্ষ্মীপুরের এক নিঃস্ব মাঝিকে নিয়ে থাকছে একটি হৃদয়স্পর্শী মানবিক প্রতিবেদন।
হননিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ইত্যাদি প্রতিবারের মতো এবারও নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আগামী শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।