বিনা পারিশ্রমিকে কাজ, তবু সম্মান পাননি শেহনাজ

বিগ বস ১৩-এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী শেহনাজ গিল। এরমধ্যে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন তিনি।

সালমান খানের সঙ্গে 'কিসি কা ভাই কিসি কি জান' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার।

গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে তার  ‘ইশকনামা’সিনেমা। অরবিন্দ এস খাইরা পরিচালিত  ‘ইশকনামা’য় তার বিপরীতে অভিনয় করেছেন জে রন্ধওয়া।

সিনেমার প্রচারণার ব্যস্ততার মধ্যে এবার তিনি এক পডকাস্টে নিজের প্রেম, বিয়ে ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন।

সেখানে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে বেশ কয়েকটি প্রজেক্টে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। তবে বিনা পারিশ্রমিকে কাজ করলেও তিনি প্রত্যাশিত সম্মান পাননি ।

সময়ের সঙ্গে পারিশ্রমিক বিষয়ে তার দৃষ্টিভঙ্গি  বদলেছে বলেও জানান নায়িকা।

শেহনাজ বলেন, ‘‘আর্থিক নিরাপত্তা এবং পেশাগত সম্মান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া টাকা খুবই গুরুত্বপূর্ণ। এটা মানুষকে সম্মান এনে দেয়।’’

তার মতে, তিনি যে পারিশ্রমিক পাওয়ার যোগ্য বলে মনে করেন, তা দাবি করা এখন তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ—যদিও সেই পরিমাণ অর্থ সব সময় পাওয়া তার পক্ষে সহজ হয় না।

শেহনাজের ভাষ্য, ‘‘আজ আমি যখন প্রাপ্য পারিশ্রমিক চাই, কখনও সেটা পাই, কখনও পাই না। আবার কখনও আমি যতটা দাবি করি, তার চেয়েও কম পাই।’

অভিনেত্রী মনে করেন, প্রত্যেক মানুষেরই নিজের প্রাপ্য অধিকারের জন্য লড়াই করা উচিত।

তিনি আরও বলেন, ‘‘আজ আমি যে জায়গায় পৌঁছেছি, সেখানে আসতে আমাকে অনেক কঠোর পরিশ্রম ও অনেক কিছু সহ্য করতে হয়েছে।”

ক্যারিয়ারের এ সময়ে পারিশ্রমিক নিয়ে আপস না করলেও শুধু টাকার জন্য সব কাজ করেন না বলেও জানান শেহনাজ।

তিনি বলেন, ‘‘যদি আমাকে জিজ্ঞাসা করেন, শুধুমাত্র টাকার জন্য কাজের মানের সঙ্গে আপস করে কখনও কোনও প্রকল্প করেছি কি না—তাহলে আমার উত্তর হবে, না, আমি কখনও তা করিনি।’’