‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান

ব্যবসাসফল সিনেমা ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল আসছে। সিনেমাটির পরিচালক ভেঙ্কি আটলুরি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, ‘লাকি ভাস্কর ২’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সেটির জন্য দর্শকদের আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।

নিজের নতুন ছবি ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর প্রচারণার সময় দেওয়া এক সাক্ষাৎকারে ভেঙ্কি আটলুরি বলেন, ‘লাকি ভাস্কর ২’ অবশ্যই হবে। তবে হাতে থাকা অন্যান্য কাজ শেষ করেই তিনি এ প্রকল্পে হাত দেবেন। তার ভাষায়, ছবিটি শুরু করতে অন্তত আরও দুই বছর সময় লাগতে পারে।

পরিচালক আরও বলেন, প্রথম ছবিটি দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় সিক্যুয়েল নির্মাণের দায়িত্বও অনেক বড়। তাই তাড়াহুড়ো না করে শক্তিশালী গল্প নিয়েই তিনি ফিরতে চান।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘লাকি ভাস্কর’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন দুলকার সালমান। অপরাধ ও আর্থিক প্রতারণার পটভূমিতে নির্মিত ছবিটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল। এরপর থেকেই ছবিটির দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের মধ্যে জোর আলোচনা চলছিল।

যদিও সিক্যুয়েলের কাহিনি, অভিনয়শিল্পী কিংবা মুক্তির সম্ভাব্য সময় নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি ভেঙ্কি আটলুরি। তবে তার ঘোষণায় দুলকার সালমানের ভক্তদের অপেক্ষা আরও বেড়ে গেল।