দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস

এনআই বুলবুল
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮

বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রায় এক শতাব্দী ধরে তার গল্প ও চরিত্র ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রকে নানাভাবে প্রভাবিত করেছে। তার সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে দেবদাসকে ঘিরেই চলচ্চিত্রের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সম্পর্ক তৈরি হয়েছে।

‘দেবদাস’ মূলত না-পাওয়া প্রেমের গল্প। এর মধ্যে আছে মানুষের দুর্বলতা, সিদ্ধান্তহীনতা, অহংকার ও অনুশোচনা। সময়মতো নিজের ভালোবাসার পক্ষে দাঁড়াতে না পারার যে আফসোস, শেষ পর্যন্ত সেটিই দেবদাসের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে ওঠে।

উপমহাদেশে এই উপন্যাস অবলম্বনে ১০টি ভাষায় সিনেমা নির্মিত হয়েছে। জেনে নেওয়া যাক ঢালিউড, বলিউড ও টলিউডে কোন কোন অভিনেতা দেবদাস চরিত্রে অভিনয় করেছেন।

ঢালিউড

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ নিয়ে দুটি সিনেমা নির্মিত হয়েছে। দুটি সিনেমায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ ও শাকিব খান।

‘দেবদাস’ সিনেমার একটি দৃশ্যে বুলবুল আহমেদ ও কবরী। ছবি: সংগৃহীত

বুলবুল আহমেদ: ঢাকার সিনেমায় ‘দেবদাস’ হয়ে প্রথম বড় পর্দায় আসেন তিনি। ১৯৮২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি নির্মাণ করেন নির্মাতা চাষী নজরুল ইসলাম। এ সিনেমায় পার্বতীর চরিত্রে ছিলেন কবরী, আর চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেন আনোয়ারা।

বুলবুল আহমেদের অভিনয়ে দেবদাস পেয়েছিল গভীর বিষণ্ণতা। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং চরিত্রের ভেতরের যন্ত্রণা দর্শকের মনে দাগ কেটেছিল।

শাকিব খান: ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম দ্বিতীয়বার নির্মাণ করেন ‘দেবদাস’। এতে দেবদাস চরিত্রে অভিনয় করেন শাকিব খান। পার্বতী চরিত্রে অপু বিশ্বাস এবং চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেন মৌসুমী।

বলিউড

বলিউডে দেবদাস নিয়ে তিনটি সিনেমা নির্মাণ হয়েছে। এই চরিত্রের অভিনেতারা হলেন- কে. এল. সায়গল, দিলীপ কুমার ও শাহরুখ খান।

কে. এল. সায়গল: ১৯৩৬ সালে বলিউডে তিনি প্রথমবার দেবদাস হয়ে বড় পর্দায় আসেন। এ সিনেমার পরিচালক ছিলেন প্রমথেশ বড়ুয়া।

দিলীপ কুমার: ১৯৫৫ সালে পরবর্তীতে বলিউড অভিনেতা দিলীপ কুমার ‘দেবদাস’ হয়ে বড় পর্দায় আসেন। এ সিনেমায় তার বিপরীতে পার্বতী চরিত্রে সুচিত্রা সেন ও চন্দ্রমুখীর চরিত্রে বৈজয়ন্তীমালা ছিলেন। সিনেমাটি পরিচালনা করেন বিমল রায়।

শাহরুখ খান

শাহরুখ খান: ২০০২ সালে দেবদাস হয়ে দেখা দেন বলিউড কিং শাহরুখ খান। সঞ্জয় লীলা ভানসালীর ‘দেবদাস’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। তার সঙ্গে ছিলেন ঐশ্বরিয়া রাই ও মাধুরী দীক্ষিত।

টলিউড

টলিউডে দেবদাস নিয়ে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ হয়েছে। এই চরিত্রের অভিনেতারা হলেন- ফণী বর্মা, প্রমথেশ বড়ুয়া, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিত চট্টোপাধ্যায়।  

ফণী বর্মা: ১৯২৮ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে এবং নরেশ মিত্রের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি দেবদাস উপন্যাসের প্রথম চলচ্চিত্র অভিযোজন। এতে দেবদাস চরিত্রে অভিনয় করেন ফণী বর্মা। পার্বতী চরিত্রে তারকবালা ও চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন পারুলবালা।  

প্রমথেশ বড়ুয়া: ১৯৩৫ সালে প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় প্রথম সবাক ‘দেবদাস’ চলচ্চিত্রে নামভূমিকায় (দেবদাস) অভিনয় করেন তিনি নিজেই। এ সিনেমায় পার্বতী চরিত্রে অভিনয় করেছেন যমুনা বড়ুয়া এবং চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছেন চন্দ্রাবতী দেবী।

সৌমিত্র চট্টোপাধ্যায়: ১৯৭৯ সালে পরিচালক দিলীপ রায়ের ‘দেবদাস’ সিনেমায় এই চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এ সিনেমায় পার্বতী চরিত্রে অভিনয় করেন সুমিত্রা মুখোপাধ্যায় ও চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন সুপ্রিয়া দেবী

প্রসেনজিৎ অভিনীত ‘দেবদাস’ সিনেমার পোস্টার

প্রসেনজিত চট্টোপাধ্যায়:  ২০০২ সালে শক্তি সামন্তের পরিচালনায় দেবদাসের ভূমিকায় অভিনয় করেন তিনি। তার বিপরীতে পার্বতী চরিত্রে অর্পিতা পাল ও চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেন ইন্দ্রাণী হালদার।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি