‘বৃহন্নলা’র তিন পুরস্কারই বাতিল

প্রায় দুই মাসের টানাপোড়েন শেষে কেটেছে ‘বৃহন্নলা’ জটিলতা। গল্প চুরির দায়ে অভিযুক্ত মুরাদ পারভেজের এই ছবিটির নাম বাদ পড়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪’ তালিকা থেকে। ছবিটি ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা কাহিনিকার’ এবং ‘সেরা সংলাপ রচয়িতা’ বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল।

মুরাদ পারভেজের কাহিনী, চিত্রনাট্য পরিচালনায় সরকারি অনুদানের ‘বৃহন্নলা’ ছবিটির মূল কাহিনি পশ্চিমবঙ্গের সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প ‘গাছটি বলেছিল’ থেকে নেওয়া। কিন্তু মুরাদ পারভেজ কাহিনিকার হিসেবে নিজের নাম ব্যবহার করেছেন।

চুরির অভিযোগ উঠায় এবং এ সম্পর্কে সংবাদমাধ্যমে ধারাবাহিক রিপোর্টের প্রেক্ষিতে কয়েকদফা সভা হয় জুরি বোর্ডের সদস্যদের মধ্যে। সর্বশেষ গত সপ্তাহে জুরি বোর্ডের এক সভায় ফেরদৌ-সাবা অভিনীত এই ছবির তিনটি পুরস্কারই বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এবং পরিচালক মুরাদ পারভেজের বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানাও করা হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জুরি বোর্ড সদস্য বিটিভির বর্তমান মহাপরিচালক হারুন অর রশিদ বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কেবল মৌলিক গল্পের ছবির উপরেই দেওয়া হয়। মুরাদ পারভেজ অন্যের গল্প নিজের বলে চালানোর চেষ্টা করেছেন। কিন্তু সচেতন পাঠক ও দর্শকদের তৎপরতায় পুরস্কার প্রদানের আগেই তিনি ধরা পড়েছেন। তাই তার ছবির তিনটি পুরস্কারই বাতিল করা হয়েছে।’

শাস্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখন অনুশোচনাই তার প্রধান শাস্তি। তবুও সৃষ্টিশীলতাকে এভাবে প্রশ্নবিদ্ধ করায় মুরাদ পারভেজের কাছ থেকে ‘বৃহন্নলা’ নির্মাণের জন্য সরকারি অনুদানের ২৪ লাখ টাকা সুদে-আসলে জরিমানা করা হবে। তবে নির্মাতা আবেদন করলে হয়তো জরিমানার অর্থে কিছুটা ছাড় দেওয়া হতে পারে।’’

এদিকে ‘বৃহন্নলা’র পুরস্কারটি বাতিল হওয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা ২০১৪ সালের সেরা চলচ্চিত্র হচ্ছে ‘নেক্কাবরের মহাপ্রয়াণ’। সেরা কাহিনীকার হচ্ছেন ‘মেঘমল্লা’র ছবির জন্য আখতারুজ্জামান ইলিয়াস এবং একই ছবির জন্য জাহিদুর রহিম অঞ্জন ‘সেরা সংলাপ রচয়িতা’ পুরস্কার পাচ্ছেন।

/এস/এমএম/