গণপতি উৎসব বা গণেশ চতুর্থী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজনীতিবিদ আশিস শেলারের বাড়িতে প্রার্থনায় অংশ নিতে দেখা যায় বলিউড অভিনেতা সালমান খানকে। এ সময় তার উপস্থিতি ঘিরে বাইরে অপেক্ষমাণ ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসতে রীতিমতো বেগ পেতে হয় ভাইজানকে।
এর মধ্যে ঘটে যায় একটি দুর্ঘটনা। অভিনেতার গাড়ির নিচে পড়ে যায় এক শিশু ভক্তের পা। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই গাড়ি থামানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম সেই মুহূর্তের ভিডিও ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, কোনও রকমে ভিড় সামলে ভাইজানের গাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই সময় এক অনুরাগীর পা গাড়ি নিচে চলে আসে। সঙ্গে সঙ্গে ওই অনুরাগীর চিৎকারে গাড়ি থামিয়ে দেওয়া হয়। গাড়িতে বসেই চালককে ধমক দিয়ে ঠিক ভাবে গাড়ি চালানোর জন্য বলেন সালমান।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তে খুব স্বাভাবিকভাবেই ওই ভক্তের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকেই আবার ভাইজানের ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকে এও বলেছেন, এত ভিড়ের মধ্যে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়াটাই সমস্যার। এমন ঘটনা হতেই পারে।
সালমান বর্তমানে তার আসন্ন ছবি 'এসভিসি৬৩'-এর শুটিং করছেন। ভামসি পাইদিপল্লি পরিচালিত এই সিনেমা ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়া অভিনেতার হাতে ‘মাতৃভূমি’ ছবিটিও রয়েছে। এটি মুক্তির অপেক্ষায় আছে।