সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ

গত এক বছরে সম্পদের পরিমাণ কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬- তারকাদের সম্পদের পরিমাণ প্রকাশ করেছেন। সেখানে বলিউড কিং এক নাম্বারে আছেন। অমিতাভ বচ্চন, সালমান খান ও হৃতিক রোশন সম্পদের দিকে শাহরুখের পরেই আছেন।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট প্রতিবেদনে বলা হয়, শাহরুখের মোট সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি। গত বছরের তালিকায় শাহরুখ খান ও তার পরিবারের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। এক বছরের ব্যবধানে নতুন হিসাব অনুযায়ী তা কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি, অর্থাৎ প্রায় ২০ শতাংশ। তবে এই পতন সত্ত্বেও অভিনেতাদের তালিকায় তার অবস্থান বদলায়নি।

শাহরুখের সম্পদের হিসাব শুধু অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিকের ওপর নির্ভর করে না। তার ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। স্ত্রী গৌরী খানের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তিনি।

চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসার সঙ্গেও প্রতিষ্ঠানটি যুক্ত। ক্রীড়া ব্যবসাতেও শাহরুখের বড় উপস্থিতি রয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে, যার অধীনে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ফলে অভিনয়ের বাইরে বিনোদন ও ক্রীড়া—দুই ক্ষেত্রের ব্যবসাই তার সম্পদের গুরুত্বপূর্ণ ভিত্তি। 

তবে হুরুনের প্রকাশিত সম্পদের অঙ্ককে নিশ্চিত নগদ অর্থ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য নির্ধারণ করে এ হিসাব করা হয়। ফলে একেক বছর বা একেক তালিকায় একই ব্যক্তির সম্পদের পরিমাণে পার্থক্য দেখা যেতে পারে। চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টেও শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি ধরা হয়েছিল।

২০২৬ সালের তালিকায় অভিনেতাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। 

তালিকায় তৃতীয় অবস্থানে আছেন সালমান খান। ২০২৬ সালের হিসাবে তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। 

চতুর্থ অবস্থানে রয়েছেন হৃতিক রোশন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি রুপি।