‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ফ্র্যাঞ্চাইজির ১৪ বছর পূর্তি উপলক্ষে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন বলিউড নির্মাতা করণ জোহর। তবে এবার কলেজের ঝলমলে পরিবেশ, প্রেম আর প্রতিযোগিতার বদলে গল্পে থাকছে রহস্য, সহিংসতা ও অন্ধকার জগতের আবহ। নতুন ওয়েব সিরিজটির নাম ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক’। এতে অভিনয় করছেন শানায়া কাপুর।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির ঘোষণা দিয়েছেন করণ জোহর। প্রকাশিত প্রথম ঝলকে শানায়াকে দেখা গেছে রক্তমাখা রূপে। এতে আগের সিনেমাগুলোর পরিচিত আবহ থেকে একেবারে ভিন্ন ধরনের গল্পের ইঙ্গিত পাওয়া গেছে।

সিরিজটির ঘোষণা দিয়ে করণ জোহর লিখেছেন, এই সপ্তাহে স্মৃতিকাতরতা যেন একটু বেশিই কাজ করছে! আমাদের প্রিয় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ফ্র্যাঞ্চাইজির ১৪ বছর পূর্তিতে আমরা নতুন যাত্রা শুরু করছি। এবার গল্প এগোবে ‘আফটার ডার্ক’-এ। রুক্ষ, রক্তাক্ত, অকপট এবং একেবারে পাগলামিতে ভরা! প্রস্তুত হয়ে যান।

নতুন এই সিরিজের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে অভিষেক হচ্ছে শানায়া কাপুরের। জানা গেছে, এতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। সিরিজটি পরিচালনা করছেন রিমা মায়া এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে ধর্মাটিক এন্টারটেইনমেন্ট। করণ জোহরও প্রযোজক হিসেবে যুক্ত আছেন।

নতুন সিরিজটিকে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন শানায়া কাপুর। তার মতে, প্রচলিত প্রত্যাশার বাইরে গিয়ে চরিত্রটি উপস্থাপন করা ছিল সচেতন সিদ্ধান্ত।

শানায়া বলেন, ‘আমার কাছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক’ শুধু একটি প্রকল্প নয়, বরং একটি সাহসী বক্তব্য। চরিত্রটিকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে মূলধারার গল্প বলার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করতে চেয়েছি। চরিত্রটি নানা স্তরে বিভক্ত, ত্রুটিপূর্ণ, কিন্তু একই সঙ্গে অকপট ও বাস্তব।’

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ নভেম্বর। সিরিজটি দেখা যাবে জিওহটস্টারে। শানায়া কাপুরের পাশাপাশি এতে অভিনয় করেছেন দিবিক শর্মা ও মান্য গ্রোভার।