রানির ‘হিচকি’র সঙ্গে হলিউডের ছবির মিল!

‘ফ্রন্ট অব দ্য ক্লাস’ ও ‘হিচকি’র দৃশ্যবলিউড অভিনেত্রী রানি মুখার্জি তিন বছর পর রূপালি পর্দায় ফিরছেন। তার নতুন ছবি ‘হিচকি’র ট্রেলার প্রশংসিত হয়েছে। তবে অভিযোগ উঠেছে, হলিউডের একটি চলচ্চিত্রের সঙ্গে এর অনেক সাদৃশ্য আছে। দুটিরই মূল চরিত্র টোরেট সিনড্রোমে (টিএস) ভোগে। যাকে বলে হেঁচকি দেওয়ার ব্যারাম! মজার বিষয় হলো, দু’জনই শিক্ষক হতে চায়! এ কারণে মিলের বিষয়টি সামনে এসেছে। একইসঙ্গে ছড়িয়ে পড়েছে বিতর্ক।
‘হিচকি’র গল্প নয়না মাথুরকে ঘিরে, যিনি টোরেট সিনড্রোমে ভুগছেন। এটি একটি স্নায়ুরোগ। এই রোগীরা অযৌক্তিক ভাবভঙ্গি কিংবা কথা পুনরাবৃত্তি করে থাকেন। অনিচ্ছাকৃত হেঁচকির কারণে নয়নার কথাবার্তাও হয়ে যায় হেঁয়ালিপূর্ণ। তবুও তিনি স্কুল শিক্ষিকা হতে চান। এটাই তার স্বপ্ন। এর ট্রেলার উন্মুক্ত হওয়ার পর অনলাইনে ছড়িয়ে যায়— ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত পিটার ওয়ার্নার পরিচালিত ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’-এর সঙ্গে ‘হিচকি’র সাদৃশ্যের কথা, যেখানে মুখ্য চরিত্র জেমস ওক শিক্ষক হতে চায়।

হলিউডের ছবিটি তৈরি হয়েছে ব্র্যাড কোহেনের আত্মজীবনী ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’ অবলম্বনে। বাস্তবে তিনি টোরেট সিনড্রোমে ভুগছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গত ২০ ডিসেম্বর ভোরে রানির ছবির ট্রেলার শেয়ার করে ব্র্যাড কোহেন লিখেছেন, “ফ্রন্ট অব দ্য ক্লাস ভারতে রিমেক হয়েছে। ‘হিচকি’র ট্রেলারটি দেখুন। অসাধারণ কলাকুশলী। ছবিটি আসবে নতুন বছরের ফেব্রুয়ারিতে।”

ব্র্যাড কোহেনের কথা অনুযায়ী প্রশ্ন উঠেছে, শুটিং শুরুর আগে ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’-এর স্বত্ব কিনেছে যশরাজ ফিল্মস? যদি কিনেই থাকে তাহলে প্রযোজনা প্রতিষ্ঠানটি এ বিষয় গোপন রাখবে কেনো? সাধারণত কোনো ছবির অনুপ্রেরণায় তৈরি হলে ট্রেলারের শেষদিকে তা উল্লেখ থাকে। কিন্তু ‘হিচকি’র ট্রেলারের ক্রেডিট তালিকার কোথাও ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’-এর কথা নেই।

‘হিচকি’র গল্পকার ও চিত্রনাট্যকার হিসেবে চারজনের নাম রয়েছে ট্রেলারে। তাদের একজন ছবিটির পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রা। এটি তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। তিনি এর আগে হলিউডের ‘স্টেপমম’ ছবিটি রিমেক করেন ‘উই আর ফ্যামিলি’ নামে। সিদ্ধার্থ দাবি করছেন, ২০১৩ সালেই ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’ রিমেকের স্বত্ব নিয়েছেন তারা।
প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস জানিয়েছে, বলিউডের ছবিটিও সাজানো হয়েছে একই গ্রন্থ থেকে। তবে উল্লেখযোগ্য পরিবর্তন করার ফলে ‘হিচকি’ পুরোপুরি নতুন ছবি হয়ে উঠেছে বলে দাবি তাদের। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলা একজন নারীর গল্প রয়েছে এ ছবিতে। যেখানে কখনও কখনও অসুবিধাও তার জন্য সুবিধা হয়ে দাঁড়ায়! মনীষ শর্মা প্রযোজিত ‘হিচকি’ মুক্তি পাবে ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি।
এদিকে মেলবোর্ন প্রবাসী ঔপন্যাসিক নিশান্ত কৌশিলের দাবি, ছবিটির চিত্রনাট্যে অবদান রয়েছে তার। কিন্তু ক্রেডিটে সেই কথা নেই। তবে এ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলেছেন পরিচালক সিদ্ধার্থ। তার ভাষ্য, ‘২০১৫ সালে ছবিটির চিত্রনাট্য তৈরির জন্য আমরা কয়েকজনকে খুঁজছিলাম। নিশান্তও ছিলেন তাদের মধ্যে। কিন্তু তার আইডিয়া আমাদের মনের মতো হয়নি। তাই আর এগোইনি তার ব্যাপারে। এ ছবির চিত্রনাট্যে অমল গুপ্ত আর আব্বাস টায়ারওয়ালাও কাজ করেছেন। আমরা তাদের অনাপত্তিপত্র নিয়েছি। ক্রেডিটে এ দু’জনের নামও আছে। তাহলে কেনো নির্দিষ্ট একজনের নাম বাদ দেবো?’

* ‘হিচকি’ ছবির ট্রেলার:

বলিউড নির্মাতারা এখন স্বত্ব না নিয়ে রিমেক করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাহাসি হয়। তাছাড়া স্বত্ব না নিয়ে হলিউডের চলচ্চিত্র নকলের কারণে এর আগে আইনি মারপ্যাঁচে বলিউডের কয়েকটি ছবির মুক্তি আটকে দেয় হলিউডের পরিবেশনা সংস্থাগুলো। এছাড়া সাম্প্রতিক সময়ে ‘এক ভিলেন’, ‘এনএইচটেন’, ‘উড়তা পাঞ্জাব’ ছবিগুলোর বিরুদ্ধেও নকলের অভিযোগ ওঠে। 

* ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’ ছবির ট্রেলার:

সূত্র: বলিউড হাঙ্গামা