রাজকুমার-পত্রলেখাকে বলা হয় বলিউডের সেরা দম্পতিদের মধ্যে অন্যতম। বিশেষকরে তাদের বন্ধুত্ব নিয়ে ভালোই আলোচনা চলে বলি পাড়ায়। কারণ, দু'জন বেশ গুছিয়ে সংসার করছেন, একে অপরের প্রশংসায় বরাবরই পঞ্চমুখ থাকছেন প্রকাশ্যে।
তবে অন্যরা রাজকুমারকে আদর্শ স্বামী বললেও, তিনি নিজেকে ১০-এ ১০ দিতে নারাজ।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এ দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমারকে প্রশ্ন করা হয়েছিলো স্বামী হিসেবে নিজেকে ১০-এ কতো দেবেন তিনি। রাজকুমার নিজেকে ৯ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি স্বামী হিসাবে নিজেকে ৯ দেবো। এটা মোটেই খারাপ নাম্বার নয়। তাই না? আমি প্রথমে ১০ বলতে যাচ্ছিলাম কিন্তু তখন ভাবলাম, কিছু তো ভুল আছে নিশ্চয়ই। সেটা উন্নতিরও সুযোগ আছে।’
তিনি আরও বলেন, যখন পত্রলেখা তার কাজের প্রশংসা করেন, তখন এটি তার জন্য বিশাল বৈধতার মতো মনে হয়। তিনি আরও যোগ করেন, ‘পত্রলেখা সিনেমা সম্পর্কে অত্যন্ত জ্ঞানী। তাই তার মতামতকে গভীরভাবে শ্রদ্ধা করি ও গুরুত্ব দিই আমি।’
অভিনেতা জানিয়েছেন, তারা প্রায় একই ধরণের সিনেমা পছন্দ বা অপছন্দ করেন। তিনি উল্লেখ করেছেন, কীভাবে তারা একে অপরের উন্নতির জন্য গঠনমূলক সমালোচনা করেন। অভিনেতা জোর দিয়ে বলেন, ‘একই ইন্ডাস্ট্রির একজন অংশীদার থাকা সুবিধার। তাতে সিনেমার প্রতি আবেগকে ভাগ করে নেওয়ার মজা বেড়ে যায়।’
রাজকুমার রাও ও পত্রলেখার পরিচয় ২০১৪ সালে হলেও একে অপরের প্রেমে পড়েছেন ২০২০ সালের দিকে। ২০২৪ সালের ১৫ নভেম্বর তারা বিয়ে করেন।
সূত্র: পিঙ্কভিলা