ছেলে ফারহান আখতারের সাথে দেখা করতে বাবা জাভেদ আখতারকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়! এই খবর জানিয়েছেন খোদ জাভেদ আখতার।
সম্প্রতি জাভেদ তার পরিবার নিয়ে খোলামেলা আলোচনায় এই সত্য সামনে এনেছেন।
জাভেদ আখতার ভারতীয় সিনেমার জগতে বিখ্যাত একজন লেখক। তিনি সবসময় খোলামেলা কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি যৌথ পরিবার ব্যবস্থা সম্পর্কে তার অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। যৌথ পরিবারের সুবিধা-অসুবিধা সম্পর্কে তিনি কথা বলেন অকপটে।
জায়েদি চ্যানেলে প্রচারিত হওয়া এই সাক্ষাৎকারটি নেওয়া হয় আমারিকায়। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিলো, ছেলে ফারহানকে তিনি মার্কিন সফরে কেনো সাথে পাননি?
যার উত্তরে এই প্রবীণ লেখক বলেন, “আমি যখন এখানে আসি, তখন কিছু লোক আমাকে জিজ্ঞাসা করেছিলো 'তুমি ফারহানকে তোমার সাথে নিচ্ছো না কেনো?' আমি বলেছিলাম, ‘তার এতো সময় কই? তার সাথে দেখা করার আগে তাকে ফোন করতে হবে অথবা সে আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে, আমরা কখন দেখা করতে পারবো? সাধারণত, আমরা ৩-৫ দিন পর একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করি। আসলেই এমন হয়। জীবন এমনই।”
এরপর পরিবার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার খুব ছোট পরিবার। এক ছেলে (ফারফান আখতার), এক মেয়ে (জোয়া আখতার), আমি ও শাবানা (স্ত্রী)। কেবল আমি এবং শাবানা একসাথে থাকি। আমার ছেলে-মেয়ের আলাদা আলাদা বাড়ি আছে।’
উল্লেখ্য, ফারহান আখতার একাধারে একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক, লেখক এবং গায়ক। অন্যদিকে, বলিউডের বিখ্যাত নির্মাতাদের একজন জোয়া আখতার।
সূত্র: এনডি টিভি