দীর্ঘ আট বছর অভিনয় থেকে দূরে থাকার পর আবারও বলিউডে ফিরছেন প্রীতি জিনতা। প্রত্যাবর্তনের অভিজ্ঞতা, অভিনয় থেকে বিরতি ও নতুন সিনেমার শুটিংয়ের প্রথম দিনের স্মৃতি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।
তার প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছেন আমির খান ও পরিচালক রাজকুমার সন্তোষী। সম্প্রতি মুম্বইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি।
প্রীতি জানান, স্বামী জিন গুডএনাফ ও যমজ সন্তান জিয়া-জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সংসারেই ব্যস্ত ছিলেন তিনি। একের পর এক ছবির প্রস্তাব এলেও সেগুলি গ্রহণ করেননি। তবে আমির খানের প্রযোজনায় রাজকুমার সন্তোষীর পরিচালনায় ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির প্রস্তাব পেয়ে আর না বলতে পারেননি। গল্প শোনার পরই ছবিতে কাজ করতে রাজি হয়ে যান তিনি।
আট বছর পর ক্যামেরার সামনে ফিরে প্রথম দিনেই ছবির সবচেয়ে কঠিন দৃশ্যের শুটিং করতে হয় প্রীতিকে। স্বাভাবিকভাবেই নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় সহ-অভিনেতা সানি দেওল তাকে সাহস জুগিয়েছিলেন। প্রীতির কথায়, সানির শান্ত স্বভাব ও সহযোগিতাই তার কাজ অনেক সহজ করে দিয়েছিল।
এদিকে অভিনেত্রী আরও জানান, অভিনয় থেকে দূরে থাকার জন্য তার কোনও আক্ষেপ নেই। বরং মা হওয়া এবং পরিবার গড়ে তোলাকেই জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তিনি।
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাটোয়ারা ১৯৪৭’। ছবিতে প্রীতি ও সানি দেওল ছাড়াও আরও শাবানা আজমি, অভিমন্যু সিং, করণ দেওল, আলি ফজল এবং বিজয়ন্ত কোহলি। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং গান লিখেছেন জাভেদ আখতার।