‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান

বিনোদন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৪ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৪

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত ছবিটির দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শুনবেন আমির। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নিজেই এ তথ্য জানিয়েছেন বলিউডের এই তারকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উৎসবের এক বিশেষ আলাপচারিতায় অংশ নেন আমির খান। সিঙ্গাপুরের কৌতুকশিল্পী ঋষি বুধরানির সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে তার ক্যারিয়ারের নানা অধ্যায়, ব্যক্তিগত জীবনের উপলব্ধি এবং আগামী দিনের সিনেমার প্রসঙ্গ। সেখানেই ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে কথা বলেন তিনি।

সিক্যুয়েলটি নির্মাণের কাজ এগোচ্ছে কি না, জানতে চাইলে আমির বলেন, ‘এ বিষয়ে আমাকে খুব বেশি কিছু বলার অনুমতি নেই। তবে এটুকু বলতে পারি, হ্যাঁ, রাজু চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আশা করছি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমি ফিরে গেলে তিনি আমাকে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণটি শোনাবেন। এখন শুধু আশা করি, সবকিছু ঠিকঠাক এগোবে।’

এখানে ‘রাজু’ বলতে পরিচালক রাজকুমার হিরানিকেই বুঝিয়েছেন আমির। সঞ্চালক ঋষি বুধরানি জানান, আগের দিন তাঁর সামনেই হিরানিকে ফোন করেছিলেন আমির। সিক্যুয়েল নিয়ে খবরটি প্রকাশ করা যাবে কি না, তা জানতে চেয়েছিলেন তিনি। হিরানি তাঁকে এ বিষয়ে কথা বলার অনুমতি দেন। তবে প্রথমবার ফোন করলে হিরানি ধরেননি। কারণ, এর মধ্যে নিজের ফোন নম্বর পরিবর্তন করেছেন আমির।

২০০৯ সালে মুক্তির পর ‘থ্রি ইডিয়টস’ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। কলেজজীবন, বন্ধুত্ব, শিক্ষাব্যবস্থা ও জীবনের লক্ষ্য নিয়ে নির্মিত ছবিটি পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। আমিরের সঙ্গে এতে অভিনয় করেন আর মাধবন, শারমান জোশি ও কারিনা কাপুর খান। ছবিটির সিক্যুয়েল নিয়ে নতুন এই খবর তাই ভক্তদের আগ্রহ আরও বাড়াবে বলেই ধারণা করা যায়।

‘আন্দাজ আপনা আপনা ২’ নিয়েও ইঙ্গিত

শুধু ‘থ্রি ইডিয়টস’ নয়, ১৯৯৪ সালের কাল্ট কমেডি ‘আন্দাজ আপনা আপনা’র সম্ভাব্য সিক্যুয়েল নিয়েও কথা বলেছেন আমির। রাজকুমার সন্তোষী পরিচালিত ছবিটিতে আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান। সময়ের সঙ্গে ছবিটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।

সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে আমির বলেন, “আমি জানি, রাজ সন্তোষী কিছু একটা নিয়ে কাজ করছেন। দেখা যাক, কী হয়।”

এ বিষয়ে আর কিছু বলতে পারবেন কি না, এমন প্রশ্নে আমিরের সংক্ষিপ্ত উত্তর ছিল, “হ্যাঁ, এটুকুই।”

কাজের ব্যস্ততা থেকে দূরে ফোন, অ্যাপও বন্ধ

আলাপচারিতায় নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন আমির। জানান, কয়েক সপ্তাহ আগে তিনি ফোন বন্ধ করে দিয়েছিলেন। এখন সব ধরনের অ্যাপ থেকেও দূরে আছেন। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে শুরু করলে কখনো কখনো টানা তিন ঘণ্টা কেটে যেত, টেরই পেতেন না।

কাজের প্রতি দীর্ঘদিনের অতিরিক্ত মনোযোগ যে পরিবারকে সময় দেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছিল, সে কথাও উঠে আসে আলোচনায়। কোভিড-১৯ মহামারির লকডাউনের সময় তিনি উপলব্ধি করেন, প্রায় তিন দশক ধরে সিনেমার পেছনে ছুটতে গিয়ে পরিবারের সঙ্গে কাটানোর অনেকটা সময় হারিয়েছেন।

এ কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আমির। দর্শকদের সামনে চোখের পানি ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন তিনি। কিছুক্ষণ থেমে ক্ষমা চেয়ে নিজেকে সামলে নেন। পরে জানান, গত চার বছর ধরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের জন্য সচেতনভাবে সময় বের করছেন।

আমির বলেন, ‘আমি খুব খুশি যে এই উপলব্ধিটা আমার ৫৬ বছর বয়সে হয়েছে, ৮৬ বছর বয়সে নয়। তখন হয়তো কিছু করার জন্য সত্যিই অনেক দেরি হয়ে যেত।’

ক্যারিয়ারের শুরুর ভুল থেকে শিক্ষা

নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সময়ের কথাও তুলে ধরেন আমির। ১৯৮৮ সালে ‘কয়ামত সে কয়ামত তক’ সফল হওয়ার পর মাত্র ছয় মাসে নয়টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তাঁর মনে হয়েছিল, প্রতিষ্ঠিত তারকারা যদি একসঙ্গে অনেক ছবিতে কাজ করতে পারেন, তাহলে তিনিও পারবেন।

কিন্তু শুটিং শুরু হওয়ার পর বুঝতে পারেন, সিদ্ধান্তটি ভুল ছিল। বাড়ি ফিরে তৎকালীন স্ত্রী রীনার কাছে কাঁদতেন তিনি। এরপর একের পর এক ছবি ব্যর্থ হতে থাকে। একটা সময় তাকে ‘ওয়ান-ফিল্ম ওয়ান্ডার’ বলে আখ্যা দেওয়া হয়।

সেই সময় মহেশ ভাট একটি ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন তাকে। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় নির্ঘুম রাত কাটানোর পর প্রস্তাবটি ফিরিয়ে দেন আমির। তার বিশ্বাস, তখন আপস করে ছবিটি করলে পরবর্তী ক্যারিয়ারও আপসের মধ্য দিয়ে এগোতে পারতো।

আমিরের হাতে এখন নতুন কাজের খবরের পাশাপাশি রয়েছে আরেকটি বিশেষ উপলক্ষ। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শুক্রবার প্রদর্শিত হবে তার প্রযোজিত প্রথম ছবি ‘লগান’। ছবিটির মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছে, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে সোনম ওয়াংচুক
আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছে, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে সোনম ওয়াংচুক
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’
আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’
কারিনার চোখে সাইফ কেমন স্বামী, জবাবে কী বললেন অভিনেতা
কারিনার চোখে সাইফ কেমন স্বামী, জবাবে কী বললেন অভিনেতা
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী