বলিউডে অন্যতম জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এ জুটির বিয়ের বয়স কম হয়নি। তবে তাদের ভালো লাগাটা প্রথম শুরু হয়েছিল কোন শহরে জানেন তো?
২০১৪ সালে প্রথমবার ব্যবসায়ীর ভূমিকায় পা রাখেন অভিষেক বচ্চন। প্রো কাবাডি লিগের প্রথম সিজনের আগে জয়পুর দল কিনে নিয়েছিলেন তিনি। কিন্তু এত শহর থাকতে জয়পুরকেই কেন বেছে নিয়েছিলেন অভিষেক?
এক পডকাস্টে সেই উত্তর দিয়েছেন অভিনেতা। জানিয়েছেন, তার প্রথম ছবির একটি অংশের শুটিং হয়েছিল জয়পুরে। তাই নতুন কিছু শুরু করার জন্য শহরটিকে তার শুভ বলে মনে হয়েছিল।
২০০০ সালে ‘রিফিউজি’ থেকে বলিউডের সফর শুরু অভিষেকের। ছবিটির মূল শুটিং হয়েছিল গুজরাটের কচ্ছ এলাকায়। তবে জয়পুর এবং মুম্বাইয়ের একটি স্টুডিয়োয় ছবির কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছিল।
জয়পুরের সঙ্গে তার ব্যক্তিগত আবেগও জড়িয়ে রয়েছে। অভিষেক জানান, এই শহরেই ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার প্রেমের শুরু। ২০০৬ সালের ‘উমরাও জান’ ছবিতে এক সঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্ক তৈরি হয়। ছবির কিছু অংশের শুটিংও হয়েছিল জয়পুরে।
শুধু কাবাডি ম্যাচে শহর নির্বাচনের ক্ষেত্রেই নয়, দলের নামকরণের মধ্যেও পরিবারের ছোঁয়া রেখেছিলেন অভিষেক। ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’ -এর নেপথ্যে ছিল অন্য ঘটনা। সেই সময়ে অভিষেকের মেয়ে আরাধ্যার প্রিয় রং ছিল গোলাপি। তাই কন্যার পছন্দের কথা মাথায় রেখেই এই নাম রেখেছিলেন তিনি। ২০১১ সালে অভিষেক ও ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যার জন্ম।
অভিষেক ও ঐশ্বরিয়ার এক সঙ্গে কাজ শুরু যদিও ‘উমরাও জান’-এর আগেই। ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবিতে প্রথম এক সঙ্গে দেখা যায় তাদের। অভিষেকের প্রথম ছবি ‘রিফিউজি’ মুক্তির কয়েক মাস পরেই সেই ছবি মুক্তি পায়। পরে ২০০৩ সালে ‘কুছ না কহো’-তে ফের জুটি বাঁধেন তারা।
এর পর ২০০৫ সালে ‘বান্টি অউর বাবলি’ ছবির জনপ্রিয় নাচের গান ‘কজরা রে’-তে এক সঙ্গে দেখা যায় অভিষেক ও ঐশ্বরিয়াকে। ২০০৬ সালে ‘ধুম ২’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেন এ জুটি। তার পর মণি রত্নমের ছবি ‘গুরু’-তে ফের জুটি বাঁধেন তারা। ছবিটি মুক্তির আগে তাদের বাগ্দানের কথা প্রকাশ্যে আসে। সেই বছরই বিয়ে করেন দুজনে।