বাড়ি ফিরতে দেরি হলে স্ত্রী জয়া বচ্চনের বকুনি খেতে হয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে। তাই আগে থেকেই দেরি হওয়ার বিষয়টি পরিবারের সকলকে জানিয়ে দেন তিনি।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে এই অভ্যাসের কথা জানালেন বলিউড ‘শাহেনশাহ’।
এক প্রতিযোগী অভিনেতাকে প্রশ্ন করেন, তিনি বাড়ি ফিরতে দেরি করলে জয়া তাকে বকাঝকা করেন কি না। উত্তরে অমিতাভ জানান, শুটিংয়ের কারণে দেরি হবে বুঝলে আগে থেকেই পরিবারের সকলকে জানিয়ে দেন তিনি। এমনকি, পরিবারের সদস্যদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে তাদের।
অমিতাভ বলেন, ‘আমি জানি কী হতে পারে। তাই পরিবারের সকলকে নিয়ে তৈরি করা গ্রুপে একটি বার্তা পাঠাই। হাত জোড় করে বলি, কোথাও আমার শুটিং রয়েছে এবং ফিরতে দেরি হবে। তাই যেন কেউ আমার জন্য রাতের খাবারের অপেক্ষা না করেন। আগে থেকে সবাইকে জানিয়ে রাখি। এটাই আমাকে বাঁচিয়ে দেয়।’
এর পরেই মজা করে তিনি বলেন, ‘কিন্তু যদি তাকে (জয়া বচ্চন) না জানাই, তা হলে বকুনি খাবো। জিজ্ঞেস করবে, ‘কোথায় ছিলে? আমাদের জানালে না কেন? এটা বাড়ি ফেরার সময়?’ তাই আমি যদি খুব দেরি করি, জয়া নিজের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।’
বাড়িতে কাজের লোকেরা না থাকলে নিজেই ঘরের কাজ করেন বলেও জানান অমিতাভ। তারা না থাকলে ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে অন্যান্য কাজ সামলে নেন তিনি। অমিতাভ বলেন, ‘বাড়িতে যখন কেউ থাকেন না, তখন আমি নিজেই সব কাজ করি। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে সব কিছুই সামলাই। রান্না করতে জানি না। তাই কখনও বাইরে থেকে খাবার আনিয়ে নিই। আবার কখনও জয়ার কাছে গিয়ে বলি, ‘দেবীজি, একটু কিছু বানিয়ে দাও।
অমিতাভ জানান, তার এই আবদারে জয়া বেশ খুশি হন। প্রতিদিন তার জন্য নানা রকমের খাবার তৈরি করেন এবং খাবারটি কেমন হয়েছে, সেটিও জানতে চান।