বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী

বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ তাহিল। চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করা এই অভিনেতার ঝুলিতে রয়েছে শতাধিক ছবি। এরই মধ্যে তিনি করণ জোহর সঞ্চালিত ‘দ্য ট্রেইটর্স’ সিজন ২-এ অংশ নিয়ে নজর কেড়েছেন।  

এদিকে এক সাক্ষাৎকারে ‘দ্য ট্রেইটর্স’-এর অভিজ্ঞতা থেকে শুরু করে শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্ক, সব নিয়েই মুখ খুললেন দিলীপ।

এই তারকার ক্যারিয়ারে একাধিক স্মরণীয় চরিত্র রয়েছে। তবে ‘বাজিগর’-এর মদন চোপড়া চরিত্রটি আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রেখেছে। ছবিতে শাহরুখ খানের বিপরীতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। পর্দায় শাহরুখকে মারধরের সেই দৃশ্য যে দর্শকের মনে কতটা গভীর ছাপ ফেলেছিল, তারই প্রমাণ লন্ডনের হিথরো বিমানবন্দরে মিলেছিল বলে জানান তিনি।

দিলীপ বলেন, ‘বিমানবন্দরে এক তরুণী আমাকে দেখে এগিয়ে এসে সরাসরি প্রশ্ন করেন, ‘স্যার, আপনি শাহরুখকে কেন মারলেন? কীভাবে ওকে মারতে পারলেন?’  তরুণীর এমন আবেগঘন প্রশ্নে খানিকটা অবাক হই। একই সঙ্গে তাকে শান্ত করার চেষ্টা করি। এরপর তাকে মজা করে বললাম, ‘শান্ত হও। শাহরুখও তো আমাকে মেরেছিল।’

কিন্তু তাতেও ওই তরুণীর ক্ষোভ কমেনি। তিনি ফের বলেন, ‘সেটা ঠিক আছে। কিন্তু আপনি ওকে এত মারলেন কেন?’ এরপর দিলীপ তাকে আশ্বস্ত করে বলেন, ‘আমি সত্যিই দুঃখিত। তবে শাহরুখ এখন একেবারে ভালো আছে। আমরাও দুজনেই ভালো আছি। তাই এত চিন্তা করার দরকার নেই।’

এই ঘটনার কথা বলতে গিয়ে দিলীপ জানান, তরুণীটি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে গোটা বিষয়টি তার কাছে অত্যন্ত মজার এবং একইসঙ্গে আবেগঘনও লেগেছিল।

‘বাজিগর’-এর পরও শাহরুখ খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন দিলীপ তাহিল। ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘রাওয়ান’-সহ বেশ কিছু ছবিতে তাদের একসঙ্গে দেখা গেছে।